শেখ হাসিনা দেশের মানুষকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে আন্তরিকভাবে কাজ করছেন : মেয়র টিটু
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু গণটিকাদান কার্যক্রমের উদ্বোধনকালে বলেছেন, বিশ্বব্যাপী টিকার এই সংকটে আমরা আবার গণটিকা কার্যক্রম পরিচালনা করতে পারছি, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারনেই সম্ভব হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশেরমানুষ নিরাপদ এবং সুরক্ষিত রাখতে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছেন। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ব্যবস্থাপনায় ১৩ই জুলাই থেকে নতুন করে কোভ্যাক্সের মডার্নার গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন এবং পরবর্তীতে বুথসমূহ পরিদর্শনকালে এসব কথা বলেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু। শহর-গ্রাম নির্বিশেষে ৩৫ বছরের উর্ধ্বে করোনাভাইরাস প্রতিরোধে টিকা প্রাপ্তির রেজিস্ট্রিশন সম্পন্ন করে টিকা গ্রহনের জন্য এসএমএস পাওয়ার পর যেকোন নাগরিক এই টিকা নিতে পারবেন বলে জানান মেয়র টিটু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ ফজলুল কবীর, জাতীয় পুষ্টি সেবার লাইন ডিরেক্টর এস এম মুস্তাফিজুর রহামান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ শাহ আলম, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডঃ চিত্তরঞ্জন দেবনাথ, ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম, মমেক হাসপাতালের সহকারী পরিচালক
(প্রশাসন) ডা. জাকিউল ইসলাম, করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান প্রমুখ ।
ইকরামুল হক টিটু আরো বলেন, ইতোপূর্বে আমরা অক্সফোর্ড এস্ট্রোজেনিকার টিকাদান সফলভাবে সম্পন্ন করেছি। বর্তমান গণটিকা কার্যক্রমকে সফল করার সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ, এসকে হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালে স্থাপিত মোট ৩ টি কন্দ্রের ১২ টি বুথে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সাধারন মানুষ স্বাচ্ছন্দ এবং স্বস্তির সাথে এ টিকা গ্রহণ করতে পারবেন।
টিকা নিয়ে বড় কোনো চ্যালেঞ্জের মুখে বাংলাদেশকে পড়তে হবে না বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, টিকা পাওয়ার ব্যাপারে আমাদের যে চ্যালেঞ্জ ছিলো তা মোটামুটি ওভারকাম করে উঠেছি। ইতোমধ্যে ৪৫ লাখ ডোজ টিকা এসে গেছে। আমরা আশা করছি এ সপ্তাহে ও পরবর্তীতে পর্যায়ক্রমে আরও টিকা আসবে। আমরা বিভিন্ন সোর্স থেকে টিকা কেনা এবং পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমেও টিকা পেতে শুরু করেছি। ডা. মীরজাদী সেব্রিনা আরও বলেন, এখন যে হারে কোভিড সংক্রমণ বাড়ছে সবার টিকা নেওয়াটাই সংক্রমণ প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমরা চাচ্ছি যতদ্রুত সম্ভব যতো বেশিসংখ্যক মানুষকে টিকা দেওয়া যায়। আমরা সেভাবেই কাজ করছি।
উল্লেখ্য, পরিদর্শনের পূর্বে মেয়র মোঃ ইকরামুল হক টিটু অন্যান্য অতিথিবৃন্দের সাথে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সভাকক্ষে আয়োজিত করোনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান অবস্থা, প্রস্তুতি ও করণীয় সংক্রান্ত এক সভায় উপস্থিত ছিলেন।




