প্রায় ৪ বছর ধরে বন্ধ একমাত্র স্কুলটি
পারিবারিকভাবে মা-বাবার কাছে টুকটাক ‘মান্দি’ ভাষায় কথা বলা শিখলেও আদতে মেঘা হাতে–কলমে শিক্ষা গ্রহণ করতে পারেনি মান্দি নামক গারোদের মাতৃভাষা। গ্রামের স্যামুয়েলের কন্যা শ্রাবনী, প্রদীপ সাংমার কন্যা আনিকা মারাক এখন স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ওই ২ শিশু শিক্ষার্থীর দু’জনের একজনও তাদের মাতৃভাষা ‘মান্দি’তে কথা বলতে পারে না। ঘরেও অধিকাংশ সময় তাদের বাবা-মারা একে অপরের সঙ্গে কথা বলেন বাংলা ভাষায়। এছাড়া গ্রামের সহপাঠীরাসহ বাংলাভাষীদের সঙ্গে চলাফেরা ও মেলামেশার কারণে একরকম ভুলেই গেছে মাতৃভাষা। শুধু তা–ই নয়, শ্রাবনী ও আনিকার মতো এমন অনেক শিশু-কিশোর রয়েছে, যারা অদ্যাবধি মান্দি ভাষার বই কিংবা অক্ষরের সঙ্গে পরিচিত না।

শ্রাবনী ও আনিকার পরিবারের মতো শিশু শিক্ষার্থী বেনজিম মারাক, শান্ত মারাক, বিশাল জেত্রাসহ আরও অনেক শিক্ষার্থীর অভিভাবকের এখন আশঙ্কা, এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যে এ গ্রাম থেকে একেবারেই বিলুপ্ত হয়ে যাবে তাঁদের মাতৃভাষাসহ নিজস্ব সংস্কৃতি।
গারোদের মাতৃভাষা মান্দি রক্ষার জন্য সরকারি-বেসরকারি কোনো পৃষ্ঠপোষকতা না থাকায় এ অবস্থা হচ্ছে বলে আদিবাসীরা অভিযোগ করেছেন। ওই ভাষা রক্ষায় গারো শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।বলছিলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের দোলমা গ্রামের কথা। এই গ্রামে ৭০টি ক্ষুদ্র জাতিসত্তা পরিবারের বসবাস। প্রায় ৪ বছর ধরে একটি এনজিওর অর্থায়নে চলা গারোদের মাতৃভাষা শিক্ষার একমাত্র ‘আলোর ঘর শিশু শিক্ষা কেন্দ্র’ নামের স্কুলটি বন্ধ হয়ে পড়ায় শিশুরা মাতৃভাষার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে। শুধু তা–ই নয়, গ্রামের অধিকাংশ শিশুই মাতৃভাষায় কথা বলতে পারে না। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় স্কুলের ভেতরের অবস্থা খুবই শোচনীয়। ভেঙে চুরমার হয়ে গেছে চেয়ার, টেবিল, আসবাবপত্র। এ বিষয়ে স্থানীয় সচেতন মহলসহ জনপ্রতিনিধিরাও কোনো সহযোগিতা করছেন না।

সরেজমিনে গিয়ে দেখা গেল স্কুলটি পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। নেই কোনো আসবাবপত্র। স্কুলের টিলের চালা নষ্ট হয়ে গেছে বহুদিন আগেই। স্কুলের ভেতর থেকে দিব্যি আকাশ দেখা যায়।
স্থানীয় হিলটন নামের এক আদীবাসী বাসিন্দা জানান, প্রায় চার বছর হতে চললো স্কুলটি বন্ধ। নেই দরজা-জানালা, উপরে টিনের ছাউনিতে নেই টিন, মেঝেতে নেই ব্রেঞ্চ, চেয়ার, টেবিল, ফাঁকা ঘরে সূর্যের আলো। শিক্ষক, ছাত্র-ছাত্রীবিহীন বন্ধ স্কুলটি এখন সুনশান নীরব।
লরেন্দ্র জেং চাম নামে এক ব্যক্তি জানান, তিনি ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এ স্কুলে শিক্ষকতা করেছেন । তাঁর আগে মরিয়ম জিব্রা প্রতিষ্ঠানে পাঠদান করিয়েছেন। এই প্রকল্প ২০১৭ সালে মেয়াদ শেষ হয়ে যায়। পরবর্তীতে অর্থায়নের অভাবে শিক্ষা কার্যক্রম আর চালু করেনি উপজেলার ট্রাইভেয়াল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়াম্যান লুইস সু-প্রভাত জেং চাম বলেন, বর্তমানে বিভিন্ন জেলা, উপজেলায় এ শিক্ষা কার্যক্রম চালু থাকলেও ফুলবাড়ীয়া উপজেলার ৪ টি স্কুলের মধ্যে এনায়েতপুরের ইউনিয়নের দোলমা ও কালাদহের, বিদ্যানন্দ বর্মণ পাড়ার আলোর ঘর স্কুলটি একেবারেই বন্ধ।
দোলমা গ্রামের শিক্ষার্থী বেনজামিন মারাক,শান্ত মারাক ,আনিকা মারাক, বিশাল জেত্রা, বৈশাখী মারাক, ঋতু সাংমা, ও নিতেন্দ্র মারমাসহ ১০ থেকে ১৫ জন জানায় তারা সব সময়েই বাংলা ভাষায় কথা বলে। তাদের মা–বাবাও বাংলায় কথা বলেন। তবে তাদের মাতৃভাষা মান্দি। মাতৃভাষায় লিখতে–পড়তে পারে না তারা। তারা চায় বাংলা ভাষার পাশাপাশি তাদের মাতৃভাষা পরিপূর্ণভাবে শিখতে। পাশাপাশি নিজস্ব সংস্কৃতির চর্চা করতে চায়। তাই মান্দি ভাষা শিক্ষার এই স্কুল যাতে দ্রুত চালু হয়, এটাই তাদের চাওয়া।
গ্রামের পঞ্চায়েত প্রধান জগদীশ মারাক, ক্ষুদ্র জাতিসত্তার নেতা অঞ্জনা সাংমা, লিপি সাংমা, সঞ্জলা, মঞ্জলা সাংমা, মুকুলা মারাক অভিযোগ করে বলেন, উপজেলার শেষ প্রান্তে অবস্থান করায় তাঁরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। মাতৃভাষা শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার, অথচ গ্রামে মান্দি ভাষা শিক্ষার জন্য একটি মাত্র স্কুল থাকলেও প্রায় চার বছর ধরে বন্ধ রয়েছে এটি। যার ফলে শিশুরা মাতৃভাষা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। মাতৃভাষা শিক্ষার জন্য তাদের কাছে কোনো বই নেই, জানে না মান্দি ভাষার অক্ষর কেমন। এই গ্রামের কোনো শিশু এখন আর তার মাতৃভাষায় কথা বলে না। তাঁরা মনে করেন, যত দ্রুত সম্ভব সরকারি হোক বেসরকারিভাবে হোক, এই স্কুল যাতে আবার চালু করা হয়। মাতৃভাষা থেকে যেন কোনো ক্ষুদ্র জাতিসত্তার শিশু বঞ্চিত না হয়।









