কোরবানি ঈদে মানুষের স্বাভাবিক চলাচল ও পশুর হাটের বিষয়টি বিবেচনায় নিয়ে চলমান কঠোর লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওইসময়ে শর্তসাপেক্ষে চলবে গণপরিহন। তবে ঈদের পর ফের ১৪ দিনের জন্য লকডাউন দেয়া হবে। মন্ত্রিপরিষদ বিভাগসূত্রে ওই তথ্য জানা গেছে। এক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ বিষয়ক নথি অনুমোদন হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে। ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি মিললেই যেকোনো সময় জারি হবে প্রজ্ঞাপন।

জানা গেছে, ঈদের সময় ৮ দিনে স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সকল গণপরিবহন। খুলে দেয়া হবে দোকানপাট শপিং মল। ওইসময়ে সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস।
১৫ জুলাই ভোর ৬টা থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত লকডাউন শিথিলের আদেশ কার্যকর থাকবে। ঈদের পর আবারও ১৪ দিনের কঠোর বিধিনিষেধ বা লকডাউনে যাবে দেশ। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলছেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।









