বিগত ১৯৯৯ সালের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সদর উপজেলার পরাননগঞ্জে এক জনসভায় শম্ভূগঞ্জ-অম্বিকাগঞ্জ সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দেন। এর ফলশ্রুতিতে এলজিইডি ওই সময় ঝড়ো গতিতে ১৫ কিলোমিটার সড়কের নির্মাণকাজ সম্পন্ন করে। পরবর্তীতে ১৮ ফুট প্রশস্তের সড়কটি বোররচর পর্যন্ত সম্প্রসারণ করে এলজিইডি। ময়মনসিংহের শম্ভূগঞ্জ থেকে বোররচর পর্যন্ত সড়কটি পাকা হওয়ায় দুর্গম বোররচর, পরাণগঞ্জ, চরসিরতাসহ চরাঞ্চলের মানুষের ভাগ্য খুলে যায়।

বিশেষ করে কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনে এলজিইডির এই সড়কটি। ময়মনসিংহের সাথে সরাসরি সড়ক যোগাযোগ চালু হওয়ায় বোররচর, পরানগঞ্জসহ চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত সবজি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত হয়ে আসছিল।
কিন্তু গত ২ বছর ধরে সংস্কার না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের এলজিইডির শম্ভূগঞ্জ-অম্বিকাগঞ্জ সড়কটির পুরোটা জুড়েই খানাখন্দের কারনে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এ চরাঞ্চলবাসী চরম দুর্ভোগের কারন হয়ে দাড়িয়েছে সড়কটি। চলতি বর্ষায় সড়কটি ১৬ কিলোমিটার এলাকাজুড়ে বেহলা হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন জায়গায় ইট সুরকি ও সিলকোট উঠে খানাখন্দের পাশাপাশি সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এসব গর্তে বৃষ্টির পানি জমে পরিণত হচ্ছে মরণ ডোবায়।

এছাড়া সড়কের পাশ থেকে মাটি সরে যাওয়ায় ভেঙ্গে অনেক জায়গায় সড়কটি সরু হয়ে গেছে। এরকম অবস্থায় যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। বেহাল দশার কারনে বাড়তি ভাড়া গুনে অন্য পথ দিয়ে যেতে হচ্ছে গন্তব্যে। বোররচর,পরাণগঞ্জ, চরসিরতাসহ চরাঞ্চলের সবজি পরিবহনেও দেখা দিয়েছে অচলাবস্থায়। পরিবহন খরচ বাড়ায় কৃষককের উৎপাদিত সবজি বাজারজাতে গুণতে হচ্ছে বাড়তি টাকা। অথচ গত দুই বছরেও সড়ক মেরামতে কার্যকর কোন উদ্যোগ নেই স্থানীয় কর্তৃপক্ষের। এ নিয়ে ক্ষুব্ধ ও হতাশ এলাকাবাসী।
সড়কটির অম্বিকাগঞ্জ থেকে মানিকডোবা খাল পর্যন্ত ৩ কিলোমিটার অংশ কাচা সড়ক চেয়েও খারাপ। চরখরিচা অংশও মারাত্মক ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত ওজনের বালু ও পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচলের সময় কাদাজলে একাকার এসব খানাখন্দকে আরও বিপজ্জনক করে তুলছে। এরকম অবস্থায় ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করতে পারলেও সিএনজি অটো রিকশা ও মাহিন্দ্র এর মত হালকা যান যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত করছে। এছাড়া চলতি বর্ষায় সড়কের দু’পাশ থেকে মাটি সরে যাওয়ায় এই ঝুঁকি আরও বেড়েছে। এতে প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা।
চরহরিপুর কুড়েরপাড় এলাকার কৃষক আনিছুর রহমান (৪৭) জানান, সড়কটিতে দিন দিন খানাখন্দের সংখ্যা বাড়ছে, বেড়েছে মানুষের দুর্ভোগ। সড়ক খারাপ এমন অজুহাতে ভাড়াও বেড়েছে সিএনজি অটো রিকশার। এর প্রভাব পড়েছে সবজিসহ কৃষিপন্য পরিবহনেও। সবেচয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন প্রসূতিসহ জরুরি রোগীরা। এলাকাবাসী অবিলম্বে সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন। পরানগঞ্জ ইউনিয়নের বাঘাডোবা গ্রামের জহিরুল ইসলাম, আবুল হাশেমসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী এ সড়কটি চরাঞ্চলবাসীকে উপহার দিয়েছিলেন। অথচ সড়কটি রক্ষণাবেক্ষণ ও মেরামতে এলজিইডির কোন উদ্যোগ নেই।
এ বিষয়ে এলজিইডির ময়মনসিংহ সদর উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ জানান, সড়ক বিভাগ শম্ভূগঞ্জ থেকে অম্বিকাগঞ্জ হয়ে শেরপুর জেলার নকলা উপজেলা পর্যন্ত সড়কটি নিতে চেয়ে প্রস্তাব পাঠিয়েছিল। শেষ পর্যন্ত তা পাস না হওয়ায় চলতি সালের গত ফেব্রুয়ারী মাসে ১৫ দশমিক ৫ কিলোমিটার সড়ক মেরামতে ১৬ কোটি টাকার প্রাক্কলন তৈরি করে এলজিইডির সদর দপ্তরে পাঠানো হয়েছিল। কিন্তু বিলম্বে পাঠানোর কারনে এলজিইডির সদর দপ্তর চলতি অর্থবছরে প্রাক্কলনটি পাস না করায় ঝুলে যায় এর মেরামত কাজ। নতুন করে প্রাক্কলন তৈরিসহ প্রস্তাব পাঠানোর কথা ভাবছে এলজিইডির স্থানীয় কর্তৃপক্ষ।









