দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১৯ জনের মৃত্যু হয়েছে। গত বছরের শুরু দিকে করোনা সংক্রমণ শনাক্তের পর দেশে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এছাড়া একই সময় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৬৮ জন। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ১৭২, আর আক্রান্ত শনাক্ত দাঁড়াল ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন। ২৭ জুন রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে ওইসব তথ্য জানানো হয়।
এর আগে গতকাল শুক্রবার ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৮ জনের মৃত্যু এবং ৫ হাজার ৮৬৯ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর এর আগে দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যু ১১২ জন, ছিল চলতি বছরের ১৯ এপ্রিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আরটি–পিসিআর, জিন এক্সপার্ট এবং র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৫৫৪টি সক্রিয় ল্যাবে ২৪ হাজার ৪০০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনাভাইরাস পজিটিভ আসে ৫ হাজার ২৬৮টি নমুনার ফল। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২১ দশমিক ৫৯ শতাংশ, গতকাল যা ছিল ২২ দশমিক ৫০ শতাংশ।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩ হাজার ২৪৯ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৮ লাখ ৪ হাজার ১০৩ জন।
একদিনে ১১৯ জনের মৃত্যুর মধ্যে এর মধ্যে সর্বোচ্চ ৩২ জন মারা গেছেন খুলনা বিভাগে। এরপরই রয়েছে– ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রাম ২২, রাজশাহী ২২, বরিশাল ২, সিলেট ৫, রংপুর ৯ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন। অবশ্য এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি, ৭ হাজার ৫১৩ জন।









