জামালপুর শহরের শাহপুর জামতলা এলাকায় দরিদ্র এক রিকশাচালকের মানসিক প্রতিবন্ধী এক কিশোরী মেয়েকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় ৩১ মে সোমবার প্রতিবেশী সোহেল মিয়া (৩৫) নামের এক বখাটেকে আসামী করে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোহেল স্থানীয় শাহপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দরিদ্র রিকশাচালক তার স্ত্রী ও একমাত্র মানসিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে জামালপুর পৌরসভার শাহপুর জামতলা এলাকায় জনৈক আব্দুল আউয়ালের বাসায় ভাড়া থাকেন। ভিকটিমের মা অন্যের বাসাবাড়িতে ঝিয়ের কাজ করেন। রবিবার দুপুরে কিশোরীর বাবা-মা বাসায় ছিলেন না।
ওই সুযোগে প্রতিবেশী বখাটে সোহেল মিয়া দুপুর আড়াইটার দিকে ফুসলিয়ে কিশোরীকে তাদের বাসার কাছেই নির্জন স্থান বাঁশঝাড়ের নিচে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান সোহেল মিয়া। সোমবার সকালে স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তির সহায়তায় ভিকটিমের মা বাদী হয়ে অভিযুক্ত সোহেল মিয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন। দুপুরে জামালপুর সদর হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলার আসামি সোহেল মিয়া পলাতক রয়েছেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান জানান, শহরের শাহপুর এলাকায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সোহেল মিয়াকে একমাত্র আসামী করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।










