স্টাফ রিপোর্টার, নকলা ॥ শেরপুরের নকলায় সোহাগ মিয়া (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের কবুতরমারী এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। সোহাগ মিয়া পার্শ্ববর্তী জামালপুর সদর উপজেলার কাজিয়ারচর এলাকার ইমান আলীর পুত্র।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নকলা উপজেলার কবুতরমারী গ্রামে একটি গোরস্থানের পাশে পিতরাজ গাছের ডালে সোহাগ মিয়ার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কবুতরমারী গ্রামে একজন যুবক আত্মহত্যা করেছে বলে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমেই ওই যুবকের পরিচয় মিলেনি। তরে তার পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় জানা গেছে। তবে এখানে এসে কেন আত্মহত্যা করেছে তার কারন এখনো জানা যায় নি। পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান আছে।




