শ্যামলবাংলা ডেস্ক : গৃহহীন মানুষের জন্য ১৭ হাজার ৫টি দুর্যোগ সহনীয় ঘর উদ্বোধন হবে ১৩ অক্টোবর। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই ঘরগুলো উদ্বোধন করবেন। ৩০ সেপ্টেম্বর বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ওই তথ্য জানা গেছে। ওই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সম্প্রতি ত্রাণ মন্ত্রণালয়ের ৫ অতিরিক্ত সচিবকে দায়িত্ব দিয়ে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, ১৭ হাজার ৫টি দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধনের জন্য প্রস্তুত রাখতে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ৫ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হলো।
অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ নাছিমকে চট্টগ্রাম, অতিরিক্ত সচিব রঞ্জিৎ কুমার সেনকে ঢাকা, অতিরিক্ত সচিব আলী রেজা মজিদকে রংপুর ও রাজশাহী, অতিরিক্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেনকে খুলনা ও বরিশাল এবং অতিরিক্ত সচিব রওশন আরা বেগমকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানা গেছে, টিআর ও কাবিটার বিশেষ বরাদ্দের ৩ হাজার কোটি টাকা দিয়ে দরিদ্রদের জন্য ১ লাখ ২৫ হাজার নতুন ঘর তৈরি করে দেবে সরকার। কোন কোন শর্তে ঘর দেয়া হবে সেজন্য একটি নির্দেশিকাও করেছে মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে গত বছর দুর্যোগ প্রশমন দিবসে প্রধানমন্ত্রী ১১ হাজার ২৭৩ দুর্যোগ সহনীয় ঘর উদ্বোধন করেন।









