শ্যামলবাংলা ডেস্ক : আগামী ডিসেম্বরে বৈঠকে বসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৮ সেপ্টেম্বর সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা ও দিল্লির মধ্যে সুবিধাজনক স্থানে বৈঠকে বসবেন দু’দেশের প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতি ঠিক না হলে ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করবেন তারা।
মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বর দুই প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার ব্যাপারে একটি উজ্জ্বল সম্ভাবনার সৃস্টি হয়েছে। তবে দিনক্ষণ ঠিক হবে আরও পরে। সরাসরি বৈঠক হলে তা কোথায় হবে সেটিও এখন বলা যাচ্ছে না।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকের আলোচ্যসূচি দু’দেশের মধ্যে আলোচনার মাধ্যমে ঠিক হবে। সাধারনত দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু, অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান, যৌথ স্বার্থ সংশ্নিষ্ট বিষয় স্থান পায়। এবারও এগুলোই স্থান পাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে ২০১৯ সালের ৫ অক্টোবর নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে সর্বশেষ বৈঠক হয়েছিল। চলতি বছর কভিড-১৯ মহামারী শুরু হলে মহামারী মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোর যৌথ সহযোগিতার ক্ষেত্র তৈরিতে আয়েজিত ভারচুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখেন। এ ছাড়া বিভিন্ন সময়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোন আলাপও হয়েছে।









