শ্যামলবাংলা ডেস্ক ॥ দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪৯ জনে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬০২ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ২৩ হাজার ৮৭০। দেশে একদিনে করোনা ভাইরাসে মৃত্য ও আক্রান্ত রোগীর সংখ্যার হিসাবে এটাই সর্বোচ্চ। ১৮ মে সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ওইসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্তে আরও ৯ হাজার ৯৩৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় নয় হাজার ৭৮৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৮৫ হাজার ১৯৬টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৬০২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৮৭০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪৯ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২১২ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫৮৫ জন।









