পঞ্চগড় : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যাত্রীবাহী একটি বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন।শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার মাগুরমারি চৌরাস্তা এলাকায় পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড় জেলা শহর থেকে যাত্রীবাহী একটি বাস তেঁতুলিয়া যাচ্ছিল। মাগুরমারি এলাকায় যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশাটি সেখানে মোড় নিচ্ছিল। ওই সময় বাসের চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে চলে যায়। অটোরিকশার সাত যাত্রীর মধ্যে ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুইজনকে গুরুতর আহতাবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তাৎক্ষিণভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ওই ঘটনার পর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় তারা পুলিশসহ ফায়ার সার্ভিস কর্মীদের উপড় চড়াও হন। বিক্ষুব্ধরা আধুনিক সদর হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ভাংচুর করেন বলে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনছুর আলম জানান।।









