শ্যামলবাংলা ডেস্ক : চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে ‘সাপলুডু’। আগামী ২৭ সেপ্টেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পাবে ছবিটি। নায়ক আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটির ছবিটি ঘিরে দর্শকমহলে রয়েছে বেশ আগ্রহ। ‘সাপলুডু’ ছবিতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে।
প্রথম সপ্তাহে ছবিটি দেশের ২৫ সিনেমা হলে মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে ছবির প্রযোজক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, আমরা সিনেমা হল মালিকদের কাছে থেকে দারুণ সাড়া পাচ্ছি। গত এক মাস ধরেই তারা আমাকে ফোন করছেন। ছবিটি কবে রিলিজ হবে জানতে চাইছেন। আমরা আসলে কিছু পলিসি নিয়ে চলি। বিগত দিনেও আমাদের চলচ্চিত্র দর্শকনন্দিত হয়েছে।
ছবির পরিচালক গোলাম সোহরাব দোদুল বলেন, ‘সাপলুডু’র শুটিং চলাকালীন সময় থেকেই সবার কাছে থেকে পজিটিভ রেসপন্স পাচ্ছি। বিশেষ করে টিজার, ট্রেলার প্রকাশের পর অনেক পরিবেশনা প্রতিষ্ঠান থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। সিনেমা হল মালিকরাও চলচ্চিত্রটি প্রদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন। তবে ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের এক ধরনের পরিকল্পনা রয়েছে মুক্তি নিয়ে। তারা প্রথম সপ্তাহে দেশে ২৫টির বেশি সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি দিতে চাইছেন না।
গত বছরের ২৭ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবির শুটিং হয় ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বেশ কিছু লোকেশনে।




