শ্যামলবাংলা ডেস্ক : মুক্তির অপেক্ষায় অপি করিমের নতুন ছবি ‘ডেব্রি অব ডিজায়ার’। ১৫ বছর পর ২০১৮ সালের নভেম্বরে সিনেমার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন অপি করিম। চলতি বছরের প্রথমভাগেই ওই ছবির শুটিং শেষ হয়েছে।
কলকাতার ইন্দ্রনীল রায়ের পরিচালনায় যৌথ প্রযোজনার ওই ছবির নাম ‘ডেব্রি অব ডিজায়ার’। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ২ ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সাজান হয়েছে ছবিটির চিত্রনাট্য। ওই ছবিতে অপির চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার। সে বিবাহিতা।

স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। তবে স্বামী বেকার। ওই কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চাকরি করে সোমা। কলকাতা এবং ঢাকা মিলিয়ে ছবিটির শুটিং হয়েছে।
বর্তমানে ছবিটির কারিগরি অংশের কাজ চলছে। প্রযোজনা সূত্রে জানা গেছে, ছবিটি আগামী বছরের মার্চে মুক্তি পাবে। এতে অভিনয় প্রসঙ্গে অপি করিম বলেন, ‘এ ছবির গল্প এবং আমার অভিনীত চরিত্র, দুটোই ভালো লেগেছে। এছাড়া নির্মাতাও প্রশংসিত ব্যক্তি। তার প্রচেষ্টায় ওই ছবিতে সবাই খুব ভাল অভিনয় করেছেন।

আশা করছি গল্পপ্রধান ওই ছবিটি দর্শকের ভালো লাগবে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয় করেন অপি করিম।









