স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। ১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টায় কালেক্টরেট প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সাবেক মহিলা সাংসদ এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে কালেক্টরেট ভবন চত্ত্বর থেকে একটি শোক র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের একই স্থানে গিয়ে শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। সূচনা বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু।

এনডিসি মেজবাউল আলম ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্টরস কমান্ডারস ফোরামের সভাপতি আমজাদ হোসেন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। আলোচনা শেষে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে শিশুদের কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, হুইপকন্যা ডাঃ শারমিন রহমান অমিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে জেলাজুড়ে ওয়ার্ড ও মহল্লাভিত্তিক মিলাদ ও দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, গণভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়।




