
শ্যামলবাংলা ডেস্ক : প্রয়াত জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর আজ প্রথমবারে মতো সংবাদ সম্মেলনে আসেন জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। সংবাদ সম্মেলনে ঘোষণা দেয়া হয়, জিএম কাদের এখন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান। ১৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ওই কথা জানান। জিএম কাদের জাতীয় পার্টির সদ্য প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই।
গত ১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ মারা যান। গত ১ জানুয়ারি হুসেইন মুহাম্মদ এরশাদ স্বাক্ষরিত একটি চিঠিতে দলের উত্তরসূরির নাম ঘোষণা করে যান।

চিঠিতে এরশাদ বলেন, ‘আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে পার্টির সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে, আমার অবর্তমানে পার্টির বর্তমান কো-চেয়ারম্যান জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।’
বেশ কিছুদিন ধরেই জিএম কাদের দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ সম্প্রতি মারা যান। এরপর আজ তাঁকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করা হলো।









