স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ধানক্ষেত থেকে লিটন মিয়া (১৯) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ২ জুলাই মঙ্গলবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের দিঘলদী মোল্লাপাড়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত লিটন স্থানীয় মুরগী ব্যবসায়ী অহেজ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লিটন মিয়া বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। রাতেও বাড়ি না ফেরায় লিটনকে খোঁজাখুঁজি করে তার পরিবার। পরে মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি ধানক্ষেতে লিটনের গলাকাটা ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লিটনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওই ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত লিটনের মা খুকি বেগম জানান, সে শেরপুর পুলিশ লাইনের কর্তব্যরত পুলিশ সদস্যদের খাবার আনা-নেয়ার কাজ করতো। তবে প্রায় দুই মাস আগে ওই কাজ ছেড়ে দিয়েছে।




