সাংবাদিক ফাগুন হত্যার বিচার দাবিতে রাজধানীতে মানববন্ধন
শ্যামলবাংলা ডেস্ক : তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুন হত্যার যথাযথ বিচার দাবিতে দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২৯ জুন শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধন হয়।
মানববন্ধনে ফাগুন হত্যার বিচার চেয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘এটা শুধু পিতামাতার বেদনা নয়, তাদের ভার নয়। আমরা যারা আত্মীয়, আমরা যারা স্বজন, আমরা যারা বন্ধু, আমরা যারা সাধারণ নাগরিক, আমি মনে করি এ ধরনের মৃত্যু, এ ধরনের নিঃশব্দ পরিস্থিতি সবার জন্য বেদনাদায়ক।’
২১ মে ঢাকা থেকে শেরপুরে বাড়িতে ফেরার সময় নিখোঁজ হন ফাগুন। পরদিন জামালপুর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। ফাগুন হত্যার এক মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত এ হত্যা রহস্যের কোনো সমাধান করতে পারেনি পুলিশ।
মানববন্ধনে ফাগুনের বাবা জ্যেষ্ঠ সাংবাদিক কাকন রেজা বলেন, ‘আজকের মানববন্ধনে পিতা হিসেবে একটা পুত্রের জন্য বিচার চাইতে এখানে আমি আসিনি মূলত। এখানে আমি এসেছি শুধু ফাগুনের জন্য নয়, আমি এসেছি যে অন্যান্য ফাগুন যারা আছে। এক ফাগুন চলে গেছে, আমার ফাগুন চলে গেছে। এখন অন্যান্য যারা আছে, তার বয়সী যারা আছে, তারা যেন চলে না যায়।’ কান্নাজড়িত কণ্ঠে কাকন রেজা আরও বলেন, কেন ফাগুনকে হত্যা করা হলো, কী তার অপরাধ ছিল তা অন্তত জানতে চান তিনি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ইলিয়াস হোসেন বলেন, ‘একটু আগেই শুনছিলাম, ফাগুনের বাবা বলছিলেন, প্রতিদিনই কোথাও না কোথাও সাংবাদিক নির্যাতন হচ্ছে, হত্যা হচ্ছে। আর আমি ডিআরইউয়ের সভাপতি হিসেবে প্রতিদিনই হত্যা, নির্যাতন, হয়রানির বিচার দাবি করছি। প্রতিদিনই বিচার দাবি করতে করতে ক্লান্ত, তবুও থামছে না এসব অপকর্মের, হত্যাযজ্ঞের।’ তিনি বলেন, ‘আপনারা জানেন, ফাগুন একেবারেই সম্ভাবনাময় মেধাবী একজন তরুণ সাংবাদিক ছিলেন। এখনো বলতে গেলে তার পরিপূর্ণ বিকাশই হয়নি, কেবলই শুরু। এই অবস্থায় দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করল, একটা মামলাও হলো। কিন্তু একমাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত এর কোনো খোঁজখবর নেই। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক এমএ নোমান, রফিকুল ইসলাম রঞ্জু প্রমুখ।
উল্লেখ্য, তেজগাঁও কলেজের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ইহসান রেজা ফাগুন অনলাইন পোর্টাল প্রিয়.কমের ইংরেজি বিভাগের সাবেক সহ-সম্পাদক। একসময় চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছিলেন তিনি। গত ২১ মে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের ইংরেজি বিভাগে যোগদানের বিষয়ে সাক্ষাৎকার দিয়ে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকেই বাড়ির সঙ্গে ফাগুনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রাতে জামালপুরের রানাগাছা নামক স্থানে ঢাকা-জামালপুর রেললাইনের পাশে তার মরদেহ পাওয়া যায়।









