ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার সামাজিক বনায়নের বৃক্ষ লুটের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আমাদের কন্ঠ পত্রিকার প্রতিনিধি, প্রেসক্লাব ঝিনাইগাতীর যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হককে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে। ওই ঘটনায় ২০ জুন বৃহস্পতিবার রাতে জিয়াউল হক বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৭২০) করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই রেঞ্জ কর্মকর্তা।
জানা যায়, গত ৬ মাস পূর্বে বালিজুড়ি রেঞ্জের কর্ণঝোড়া বিটের রাজার পাহাড় এলাকা থেকে প্রায় ১০ হেক্টর জমির সামাজিক বনের প্রায় কোটি টাকা মূল্যের উডলট বাগানের বৃক্ষ লুটপাটের অভিযোগে বিভাগীয়ভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। কিন্তু গত ৬ মাসেও অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় সাংবাদিক জিয়াউল হকের বরাতে ১৯ জুন ‘দৈনিক আমাদের কন্ঠ’ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন গত ২০ জুন বৃহস্পতিবার দুপুরে তার মোবাইল ফোন থেকে জিয়াউল হককে প্রাণনাশের হুমকি দেন। অন্যদিকে হুমকির অভিযোগ অস্বীকার করে রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বিভ্রান্তিমূলক খবর করায় তার সাথে কথা হয়েছে মাত্র। হুমকির কোন ঘটনা ঘটেনি। এছাড়া বন বিভাগে তার দায়িত্বশীলতা সম্পর্কে সকল মহল অবগত আছেন বলে দাবি তার।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, রেঞ্জ কর্মকর্তার মোবাইল থেকে সাংবাদিকের মোবাইলে কখন ও কতক্ষণ কথা হয়েছে তা প্রাথমিকভাবে জানা গেছে। এখন জিডির বিষয়ে তদন্ত চলছে।




