শ্যামলবাংলা ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানী কার্যালয়ে তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে বলে দাবি করেছে জাতীয় পার্টি। বনানী থানা পুলিশ বলছে, চুরির বিষয়ে থানায় লিখিত কোনো অভিযোগ করা হয়নি, তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে। মঙ্গলবার ভোরে বনানীর ১৭/এ নম্বর রোডের কার্যালয়টিতে এসে তালা ভাঙা দেখতে পান কর্মরতরা। এরপর তারা পুলিশে খবর দেন। কার্যালয়ে বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।জানান, বেতন ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য টাকাগুলো চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের রুমে রাখা ছিল। সোমবার রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা তালা ভেঙে টাকাগুলো নিয়ে গেছে। ওই রুম ছাড়াও আরও তিনটি রুমের তালা ভাঙা হয়েছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ এসেছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান ডেপুটি প্রেস সেক্রেটারি।

এর আগে স্বাক্ষর জাল ও সম্পদের নিরাপত্তাহীনতার আশঙ্কায় সাধারণ ডায়েরি (জিডি) করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ২৪ এপ্রিল বুধবার রাজধানীর বনানী থানায় জিডির বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মিথুন। তিনি জানান, জিডি নম্বর ১৫০২। এর ঘটনা তদন্তের দায়িত্ব পেয়েছেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) শায়হান ওয়ালীউল্লাহ।
জিডিতে অভিযোগ করা হয়েছে, তার বর্তমান ও অবর্তমানে স্বাক্ষর নকল করে পার্টির প্রয়োজনীয় কাগজপত্র, দলের বিভিন্ন পদ-পদবি বাগিয়ে নেয়া, ব্যাংক হিসাব জালিয়াতি এবং পারিবারিক সম্পদ, দোকানপাঠ, ব্যবসা-বাণিজ্য হাতিয়ে নেয়া ও আত্মীয়-স্বজনদের জানমাল হুমকির মুখে রয়েছে। এ কারণে তিনি মনে করেন অসুস্থতার সুযোগ নিয়ে কেউ যেন এমন অপরাধ করতে না পারে, সে বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা দরকার।









