শ্যামলবাংলা ডেস্ক : প্রায় ১০ হাজার ১১৬ কোটি টাকায় ব্যয় সম্বলিত সাতটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে ৩০ এপ্রিল মঙ্গলবার শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে জিওবি চার হাজার ৪০৬কোটি টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৪৯০ কোটি টাকা এবং প্রকল্প ঋণ প্রায় ৫ হাজার ২২০ কোটি টাকা নেওয়া হবে।
অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প ‘সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট নির্মাণ (৩য় সংশোধিত)’ প্রকল্প এবং ‘চট্টগ্রাম-ফেনী-বাখরাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণ (১ম সংশোধিত ) প্রকল্প, শিল্প মন্ত্রণালয়ের ‘অস্থায়ী ভিত্তিতে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য গুদাম নির্মাণ’ প্রকল্প এবং ‘বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মুন্সিগঞ্জ’ প্রকল্প, শিক্ষা মন্ত্রণালয়ের ‘প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন প্রকল্প, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সমাজকল্যাণ ভবন নির্মাণ’ প্রকল্প এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘নীলফামারী জেলার চাড়ালকাটা নদী সোজাকরণ এবং বুড়িতিস্তা নদী তীর সংরক্ষণ’ প্রকল্প।
একনেকের এ বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, গৃহায়ণ ও গণপূর্তম মন্ত্রী শ. ম. রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গসহ মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজির মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।









