শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যত নেতৃত্বে কে আসবেন তা দল ঠিক করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমি একসময় অবসরে চলে যাবো। তখন দলে নতুন নেতৃত্ব আসবে। তবে কে নেতৃত্বে আসবেন তা ঠিক করবে দল। আওয়ামী লীগ ঠিক করবে যে, দলের নেতৃত্ব দেবেন কে। সেটা আমি ঠিক করবো না।’

শুক্রবার (২৬ এপ্রিল) গণভবনে বিকাল ৪টায় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ব্রুনাই সফরের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
আওয়ামী লীগকে ঢেলে সাজানোর ব্যাপারে এক প্রশ্নের জবাবে দলটির প্রধান শেখ হাসিনা আরও বলেন, ‘তৃণমূল থেকে দলকে সম্মেলনের মাধ্যমেই ঢেলে সাজাতে হবে। একেকটি সম্মেলন আয়োজন করতে অনেক খরচাপাতি আছে। আয়োজনের ব্যাপার আছে। সামনে সম্মেলন হবে। কখনও কেউ আসে, কেউ চলে যায়, রাজনীতিতে এটা হয়।’

দলকে ডিজিটাল করার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘তৃণমূল থেকে শুরু করে দলের সবকিছু ডাটাবেজ করা হবে। আমি অবসর নিয়ে টুঙ্গিপাড়ায় চলে গেলেও স্যুইচ টিপে সব তথ্য পাবো।’
লিখিত বক্তব্যের শুরুতে শেখ হাসিনা গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলায় নিহত আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীসহ (৮) সবাইকে স্মরণ করেন।
তিনি বলেন, ‘এই বোমা হামলায় আমার ফুফাতো ভাই শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত হয়েছে। জায়ানের বাবা মশিউল হক চৌধুরী গুরুতর আহত অবস্থায় শ্রীলঙ্কার হসপাতালে চিকিৎসাধীন। আমি নিহতদের আত্মার মাগফেরাত এবং শান্তি কামনা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ব্রনাই বিমানবন্দরে নেমে বোমা হামলার বিষয়ে বিস্তারিত জানতে পারি। সঙ্গে সঙ্গে আমি এই নৃশংস হামলার নিন্দা জানিয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে শোকবার্তা পাঠাই।’
তিনি বলেন, ‘আমি এই কাপুরোষিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে জনমত সৃষ্টি ও কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার আমন্ত্রণে ২১ থেকে ২৩ এপ্রিল ব্রুনাই সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি বিনিময় নোট স্বাক্ষরিত হয়। ব্রুনাইতে এটাই ছিল প্রধানমন্ত্রীর প্রথম সফর। এই সফরের ব্যাপারে বিস্তারিত জানাতে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সফরের প্রসঙ্গে ব্রিফ করার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।









