
শ্যামলবাংলা ডেস্ক : শ্রীলংকার রেস্তোরাঁয় সিরিজ বোমা হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর লাশ দেশে এসে পৌঁছেছে।
২৪ এপ্রিল বুধবার বেলা ১২টা ৪২ মিনিটে শ্রীলংকা থেকে তার লাশ বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরে শিশু জায়ানের লাশ গ্রহণ করেন শেখ সেলিমের স্বজনরা। সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পরে লাশবাহী গাড়ি বনানীতে শেখ সেলিমের বাসার উদ্দেশে রওনা হয়। বিমানবন্দরে আওয়ামী লীগ নেতাকর্মীরাও ভিড় করেন।

বাদ আসর বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে জায়ানের জানাজা হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, ২১ এপ্রিল রবিবার শ্রীলংকায় ভয়াবহ বোমা হামলায় সেখানে সপরিবারে বেড়াতে যাওয়া শেখ সেলিমের মেয়েজামাই মশিউল হক চৌধুরী গুরুতর আহত এবং তার নাতি জায়ান চৌধুরী নিহত হন। ৮ বছর বয়সী জায়ান রাজধানীর সানবিম স্কুলের ছাত্র ছিল।









