শ্যামলবাংলা ডেস্ক : বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার নিয়েছে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল। তার আগে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন ও এগিয়ে চলার অনেক দিন তুলে ধরেন প্রধানমন্ত্রী তার বক্তৃতায়। যেখানে ফুটবলের প্রতি তার ভালোবাসা ভাগাভাগি করতে গিয়ে তিনি জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ফুটবল খেলতেন।
খেলাধুলার প্রতি, বিশেষ করে ফুটবলের প্রতি নিজের ভালোবাসা শেখ হাসিনা প্রকাশ করেছেন এভাবে, ‘ফুটবল আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় খেলা। মাঠে-ঘাটে, একেবারে গ্রাম পর্যায়ে খেলা চলে। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়েও ফুটবল দল গঠিত হয়। আর বিশেষ করে, আমি এমন একটি পরিবার থেকে এসেছি, আমার দাদা তিনি ফুটবল প্লেয়ার ছিলেন, আবার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনিও ফুটবল খেলতেন। আমার ভাই শেখ কামাল, শেক জামাল- সবাই ফুটবল খেলতো।’
বঙ্গবন্ধু পরিবারের ফুটবলপ্রীতির সেই ধারা এখনও সচল। প্রধানমন্ত্রীর পরের কথাতেই তা স্পষ্ট, ‘এখন আমার নাতি-নাতনিরাও ফুটবল খেলে। জয়ের মেয়ে ফুটবল খেলে, পুতুলের ছেলে-মেয়েরা ফুটবল খেলে, এমনকি রেহানার ছেলে ববি, তার ছেলেমেয়েও ফুটবল খেলে। মোটামুটি আমাদের পরিবারের সবাই ফুটবল খেলার সঙ্গে জড়িত। কাজেই এই খেলাটির প্রতি আমাদের আলাদা আন্তরিকতা আছে।’
এর আগে বক্তব্যের শুরুতে শেখ হাসিনা মহান স্বাধীনতা যুদ্ধকে গভীরভাবে স্মরণ করেন, ‘আজকের এই অনুষ্ঠানে আমার সহকর্মীবৃন্দ, সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, খুদে ফুটবল প্লেয়াররা, উপস্থিত সুধীমন্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ- সবাইকে আমার শুভেচ্ছা। আমি আজকের দিনে গভীরভাবে স্মরণ করছি আমাদের মহান নেতা, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, বাংলাদেশ দিয়েছেন, জাতি হিসেবে বিশ্বে আমাদের পরিচিতি দিয়েছেন, আমাদের সেই মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই ৩০ লক্ষ্য শহীদ ও ২ লক্ষ্য মা-বোনকে।’









