স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এক বছর বিরতির পর স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে শুরু হয়েছে ‘সাইফ পাওয়ার ব্যাটারি জেলা ফুটবল লীগ-২০১৮’। ২৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উদ্বোধনী খেলায় গত লীগের চ্যাম্পিয়ন রাইজিং স্পোর্টিং ক্লাব ২-১ গোলে দূর্বার তরুণ সংঘকে পরাজিত করে। রাইজিং ক্লাবের পক্ষে অধিনায়ক কবীর ও মোর্শেদ এবং দূর্বারের পক্ষে হান্নান গোল করেন। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।
খেলা শুরুর আগে বেলুন ও পায়রা উড়িয়ে জেলা ফুটবল লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কহিনুর বেগম বিদ্যুৎ। ডিএফএ’র সাধারণ সম্পাদক হাকিম বাবুলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) আয়োজনে এবারের ফুটবল লীগে ডিএফএ’র তালিকাভুক্ত ১১টি ক্লাব ও একটি উপজেলা ক্রীড়া সংস্থা দল প্রতিদ্বন্দ্বিতা করছে। দলগুলো হলো-দলগুলো হলো-রাইজিং স্পোর্টিং ক্লাব, কাকলী স্পের্টিং ক্লাব, দূর্বার তরুণ সংঘ, সবুজসেনা, মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব, অগ্রগামী ক্লাব, উত্তরা স্পোর্টিং ক্লাব, প্রবীণ একাদশ, কুসুমকলি স্পোর্টিং ক্লাব, হিমাচল ক্লাব, শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থা ও অ্যাকটিভ ক্লাব।




