ads

সোমবার , ৩ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন হবেই, ঠেকানোর শক্তি কারও নেই : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৩৫
নির্বাচন হবেই, ঠেকানোর শক্তি কারও নেই : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে হবেই- এমন দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নির্বাচন ইনশাআল্লাহ হবে। জনগণ সঙ্গে থাকলে কেউ ঠেকাতে পারবে না। এ নির্বাচন ঠেকানোর শক্তি কারও নেই। যারা ঠেকাতে চেয়েছিল, আগেরবার তাদের মোকাবেলা করেছিল জনগণ, এবারও মোকাবেলা করবে। নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার ছেলের মৃত্যুর পর সান্ত্বনা দিতে গেলে তার (প্রধানমন্ত্রী) মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারও আত্মসম্মানবোধ আছে। এখন যে যা-ই বলুন না কেন এবং তিনি ক্ষমতায় থাকেন বা না থাকেন, তিনি অন্তত তাদের (বিএনপি) সঙ্গে বসবেন না।
তিনি ৩ সেপ্টেম্বর রবিবার তার সরকারি বাসভবন গণভবনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ওই সব কথা বলেন। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত চতুর্থ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন শেখ হাসিনা। তবে সেখানে বরাবরের মতো এবারও চলমান রাজনীতির বিভিন্ন বিষয়ই প্রাধান্য পেয়েছে।
বিএনপিকে নির্বাচনে আনার জন্য সরকারের কোনো উদ্যোগ কিংবা বাধা কোনোটাই থাকবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, সেটি তাদের দলীয় সিদ্ধান্ত। তারা এলে আসবে, না এলে নাই। আর এখানে তো সরকারের বাধা দেওয়া কিংবা দাওয়াত দেওয়ারও কিছু নেই। আগামী জাতীয় নির্বাচনে ইভিএম পদ্ধতির ব্যবহারে নির্বাচন কমিশনের পরিকল্পনা ও এতে বিএনপির বিরোধিতা প্রসঙ্গে শেখ হাসিনা বলেছেন, ইভিএমে বিএনপির আপত্তি কোথায়? ইভিএম হলে নির্বাচনে কারচুপি করতে পারবে না বলেই তারা এর বিরোধিতা করছে।
আগামী একশ’ বছরের জন্য ‘ডেল্টা প্ল্যান’ ঘোষণার সরকারের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২১০০ সালে বাংলাদেশকে কীভাবে দেখতে চাই, এই বদ্বীপকে বাঁচিয়ে রাখা, জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য অভিঘাত থেকে বাঁচাতে এ পরিকল্পনা। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতেই ডেল্টা প্ল্যান- ২১০০ বাস্তবায়নের পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। এ নিয়ে কাজ চলছে। মঙ্গলবার একনেকের বৈঠকে আলোচনাসহ আওয়ামী লীগের আগামী নির্বাচনের ইশতেহারে এটি অন্তর্ভুক্ত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনের মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। মন্ত্রী-প্রতিমন্ত্রী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা ছাড়াও জ্যেষ্ঠ সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে : শনিবার দলের এক জনসভায় বিএনপি নেতারা কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি ছাড়া আগামী নির্বাচনে যাবেন না এবং বিএনপিকে ছাড়া নির্বাচন হবেও না বলে হুঁশিয়ারি দিয়েছেন। এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে তিনি গ্রেফতার করেননি। রাজনৈতিকভাবেও তাকে গ্রেফতার করা হয়নি। খালেদা জিয়া গ্রেফতার হয়েছেন এতিমের টাকা চুরি করে, দুর্নীতির মামলায় আদালতের রায়ে। এখন তার মুক্তি আদালতের মাধ্যমেই হতে হবে। দ্রুত মুক্তি চাইলে রাষ্ট্রপতির কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা চাইতে হবে। আর এ মামলাও সরকার দেয়নি। দিয়েছে তার পছন্দের ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন ও মইনুদ্দিনরা। সরকারের ওপর দোষ দিয়ে লাভ নেই।
নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে সংলাপে বসার জন্য বিভিন্ন মহলের তাগিদ রয়েছে। এ ক্ষেত্রে বিএনপি থেকেও দাবি জানানো হচ্ছে। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তাদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম। ফোনও করেছিলাম, আপনারা জানেন ফোন ধরেননি (খালেদা জিয়া)। তারপর খালেদা জিয়ার ছেলে মারা যাওয়ার পর আমি গেলাম। আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে আমাকে ঢুকতে দিল না। সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আর ওদের সঙ্গে আমি অন্তত বসব না। আর কোনো আলোচনা হবে না। প্রশ্নই ওঠে না। আপনারা যে যাই বলেন। ক্ষমতাই থাকি বা না থাকি, আমার কিছু আসে যায় না।’
তিনি বলেন, ‘আমারও তো আত্মসম্মানবোধ রয়েছে। যারা দিনের পর দিন আমার বাড়িতে এসে পড়ে থেকেছে- তারাই মুখের ওপর দরজা লাগিয়ে দিয়েছে। কত বড় সাহস দেখিয়েছে! সেদিনই তো তাকে (খালেদা জিয়া) গ্রেফতার করতে পারতাম। যখন আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারল, তখনও তো গ্রেফতার করা উচিত ছিল। আমি তো করিনি, তখন আমি সহনশীলতা দেখিয়েছি।’
‘সীমিত পরিসরে হলেও ইভিএমের ব্যবহার হওয়া উচিত’ : নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে বিএনপির সমালোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ইভিএম হচ্ছে প্রযুক্তির একটা অংশ। এটার সুফল উন্নত বিশ্ব নিচ্ছে। এখন বিএনপির ভোট কারচুপির কিছু কৌশল রয়েছে, বহু কৌশল তারা জানে। যেগুলো আমরা এখনও পুরোটা ধরতে পারিনি। এখন ইভিএম হলে তো ভোট কারচুপির ওই কৌশল প্রয়োগ করতে পারবে না বলেই ইভিএমের বিরোধিতা করছে।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা তার সরকারের ছিল। নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে ইভিএমের ব্যবহার এরই একটি অংশ। এটা একটি নতুন প্রযুক্তি। তবে তাড়াহুড়া করে এটাকে চাপিয়ে দেওয়া যাবে না। সীমিত পরিসরে হলেও আধুনিক বিশ্বের সর্বাধুনিক ভোট গ্রহণের এই প্রযুক্তি শুরু করা উচিত। তবে কোথাও কোনো সমস্যা দেখা দিলে সেখানে এটি বাতিল করে দেওয়া যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচন স্বচ্ছ-গ্রহণযোগ্য করতেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত : নৌমন্ত্রী পরবর্তী সংবাদ বীরাঙ্গনা রমা চৌধুরী আর নেই

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads