ময়মনসিংহ প্রতিনিধি ॥ পাবনায় নারী সাংবাদিক আনন্দ টিভির জেলা প্রতিনিধি সুবর্ণা নদী হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের সাংবাদিক সংগঠনগুলো পৃথক মানববন্ধন ও সমাবেশ করেছে। ওইসময় বক্তারা সাংবাদিক সুবর্ণা নদী হত্যাসহ সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান এবং দোষিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। মানববন্ধন কর্মসুচীতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সকালে শহরের সিকেঘোষ রোডে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে ) মানববন্ধন কর্মসূচী পালন করে। এতে বক্তব্য রাখেন মোশাররফ হোসেন, মীর গোলাম মোস্তফা, জিয়া উদ্দিন আহমেদ, রবীন্দ্র নাথ পাল, অমিত রায় প্রমূখ। এছাড়াও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ (জেইউএম) বৃহস্পতিবার দুপুরে সিকেঘোষ রোডে ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচী চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন জেইউএম সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউল আলম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নজীব আশরাফ, আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর, এম. এ মোতালেব প্রমুখ।









