শ্যামলবাংলা ডেস্ক : সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে আসন ৫০০ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে আসন্ন শিক্ষাবর্ষের জন্য মেডিকেল কলেজে আসন বৃদ্ধিসংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তির জন্য সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট ৫০০ আসন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলা হয়, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, বিশ্বস্বাস্থ্য সংস্থার মানদণ্ড, সরকারি মেডিকেল কলেজগুলোর বিদ্যমান সুযোগ-সুবিধা এবং হাসপাতালের শয্যাসংখ্যা বিবেচনা করে গুণগত চিকিৎসা শিক্ষা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ছিলেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, বর্তমানে ৩১টি সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ৩১৮টি আসন রয়েছে। গত এক যুগ ধরে ভর্তির ক্ষেত্রে কোনো আসন বাড়ানো হয়নি।
এবার সারা দেশের মেডিকেল কলেজগুলোতে ভর্তি পরীক্ষা নেয়া হবে ৫ অক্টোবর। আর ৯ নভেম্বর হবে ডেন্টালে ভর্তির পরীক্ষা।




