শ্যামলবাংলা ডেস্ক : বলিউডের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস খ্যাত রেস সিরিজের তৃতীয় সিনেমা ‘রেস থ্রি’ মুক্তির এক সপ্তাহের মধ্যে ১০০ কোটির বেশি রুপি আয় করেছে। মুক্তির ৩ দিনেই ছবিটি ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে।
ঈদুল ফিতরকে সামনে রেখে গত ১৫ মে মুক্তি পায় সালমান খানের ‘রেস থ্রি’। মুক্তির প্রথম দিনে ছবিটি ২৯.১৭ কোটি রুপি আয় করে। প্রথম দিনে আয় কম হওয়ায় ছবিটির সফলতা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে দ্বিতীয় দিনে ৩৮.১৭ কোটি এবং তৃতীয় দিনে ৩৯.১৬ কোটি রুপি আয় করে মাত্র ৩ দিনেই ছবিটি ১০৬ কোটি রুপি আয় করে।
এই সিরিজে সালমানের উপস্থিতিকে অনেকে স্বাগত জানিয়েছেন। অনেকে আবার মিস করছেন সাইফ আলী খানকে। হলগুলোতে দর্শকদের হাততালি প্রমাণ করে যে এই সিরিজে সালমানকে পেয়ে খুশি তারা। ‘রেস থ্রি’ সালমান খান অভিনীত ১৩ নম্বর ছবি যেগুলো ১০০ কোটিরও বেশি আয় করেছে। বলিউডে ১০০ কোটির ক্লাবে সালমানের ছবিই সর্বোচ্চ।
‘রেস থ্রি’ ছবিতে সালমান খান ছাড়াও অভিনয় করছেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ প্রমুখ। ‘রেস’ এবং ‘রেস টু’ ছবিতে প্রধান চরিত্রে সাইফ আলি খান অভিনয় করেছিলেন। সেই চরিত্রেই এবার অভিনয় করেছেন ভাইজান সালমান। সূত্র: মিড ডে।




