শ্যামলবাংলা ডেস্ক : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করে এ দাবি জানান তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে দলের ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ সকাল সাড়ে ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে প্রবেশ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে তারা বেরিয়ে আসেন।
এরপর নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, কারাগারে গুরুতর অসুস্থ খালেদা জিয়া হাঁটতে পারছেন না। দ্রুত তার সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন তারা।
তিনি বলেন, ইউনাইটেড হাসপাতালে এর আগেও উনার (খালেদা জিয়া) পরীক্ষা হয়েছে এবং সেখানকার যারা পরীক্ষা-নিরীক্ষা করেন ও সেখানকার ডাক্তারদের ওপর আমাদের আস্থা আছে। চাইলেই তারা (স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ) সেখানে চিকিৎসা করাতে পারেন। এতে অন্য কারো অনুমতির দরকার হয় না। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ যথেষ্ট।
নজরুল ইসলাম খান আরও বলেন, উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) আইজি প্রিজনকে ডেকে আনিয়েছিলেন। যেখানে উনার (খালেদা জিয়া) ভালো চিকিৎসা বা পরীক্ষা করা সম্ভব সেখানে করার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী তার সম্মতির কথা জানিয়েছেন। এখন আইজি প্রিজন সাহেব কী ব্যবস্থা নেন, সেটার জন্য আমরা অপেক্ষা করব। আমরা আশা করব, দেশনেত্রীর পরীক্ষা-নিরীক্ষাগুলো ও চিকিৎসার ব্যবস্থা ইউনাইটেড হাসপাতালে করা হবে।
খালেদা জিয়ার ফিজিওথেরাপি নেওয়া প্রয়োজন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এটা ধারবাহিকভাবে বেশ কিছু দিন দরকার হবে। সেটা জেলখানায় সম্ভব নয়। অন্য কেউ এসে শিখিয়ে দিয়ে যাবে আর জেলখানার নার্সরা করবে- এটাও গ্রহণযোগ্য না। কারণ ফিজিওথেরাপিতে ভুল হলে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। আজকেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে আমরা আশা করি।
অসুস্থতার কারণে খালেদা জিয়া নিচে নামতে না পারায় তার পরিবারের নারী সদস্যদের দোতলায় নিয়ে সাক্ষাতের ব্যবস্থা নিতেও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান নজরুল ইসলাম খান।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাব অথবা নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী ২৫ এপ্রিল মানববন্ধন কর্মসূচি ও ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশসহ দলটির অঙ্গসংগঠন বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচির ডাক দিয়েছে। এসব কর্মসূচিতে পুলিশ যাতে বাধা না দেয় সেজন্যও স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চান তিনি।









