
শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীবলেছেন, দেশকে অস্থিতিশীল করার অশুভ ইঙ্গিত হিসেবে ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালানো হয়েছে।
আগামী ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভার প্রচারণা চালানোর অংশ হিসেবে ৪ মার্চ সকালে রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের সামনে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের তিনি ওই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক শক্তি দেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী জাফর ইকবালের ওপর হামলা চালিয়েছে।’
ওই হামলাকে মুক্তবুদ্ধির চর্চা ও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার ওপর আঘাত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, হামলার নেপথ্য ব্যক্তিদেরও আইনের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে গাফলতির কোন সুযোগ নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, জাফর ইকবালের ওপর হামলার ঘটনাটি একটি চক্রান্ত। যারা জঙ্গিবাদী শক্তিকে পৃষ্ঠপোষকতা করে তারাই এ চক্রান্তের সঙ্গে জড়িত।
ওবায়দুল কাদের বলেন, ‘অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার আগেও সাম্প্রদায়িক অপশক্তি মুক্তমনা লেখক ও বুদ্ধিজীবীদের ওপর হামলা চালিয়েছে। তারা গতকালের হামলার মাধ্যমে তাদের অস্তিত্বের কথা জানান দিয়েছে। উগ্র সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি দুর্বল হলেও নিষ্ক্রিয় হয়নি। তারা আন্ডারগ্রাউন্ডে সক্রিয় রয়েছে। মাঝে মাঝে তারা তাদের শক্তির জানান দিচ্ছে।’
তিনি আরও বলেন, এ হামলার মাধ্যমে জঙ্গিবাদী শক্তি জানিয়ে দিচ্ছে তারা গোপনে আরো বড় ধরনের ও ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাফর ইকবালের ওপর হামলার পর সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক বিষয়টি তদারকি করছেন। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে জাফর ইকবালকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ভর্তি করা হয়েছে।
ওই সময় ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল চৌধুরী প্রমুখ ।









