শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদ শূন্য ঘোষণা করে আদেশ জারি করেছে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। ডিএনসিসির মেয়র আনিসুল হক মারা যাওয়ায় পরিপ্রেক্ষিতে ৪ ডিসেম্বর সোমবার ওই আদেশ জারি করা হলো।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. মাহমুদুল আলম গণমাধ্যমকে বলেন, ‘আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের পদ শূন্য ঘোষণা করে আদেশ জারি করে আমরা বিজি প্রেসে পাঠিয়ে দিয়েছি। সেখান থেকে এটি গেজেট আকারে প্রকাশিত হবে।’
ডিএনসিসির মেয়র আনিসুল হক বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটের দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার সকালে বাংলাদেশ বিমানযোগে তার মরদেহ ঢাকায় আনা হয়। পরে বাদ আসর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে রবিবার নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার আইনী বাধ্যবাধকতা রয়েছে। প্রজ্ঞাপনটি হাতে পেলে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্থানীয় সরকারের সকল পর্যায়ের নির্বাচন আছে তার সবই এখন নিবন্ধিত রাজনৈতিক দলের দলীয় প্রতীকে নির্বাচন হবে। ডিএনসিসিতেও প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
২০১৫ সালের ২৮ এপ্রিল ডিএনসিসি নির্বাচন হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী আনিসুল হক বিজয়ী হন।









