খুলনা : আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য আরেকটি সাজানো নির্বাচনের পায়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বন্দুকের জোরে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায় তার রোল মডেল হচ্ছে এই সরকার। নির্বাচনকালীন সময়ে যদি একটি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে সেই নির্বাচন কখনও সুষ্ঠু হবে না, গ্রহণযোগ্য হবে না। তিনি নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনের জন্য প্রয়োজনে সংবিধান সংশোধনের আহবান জানান। ১৯ জুলাই বুধবার নগরীর হোটেল টাইগার গার্ডেন মিলনায়তনে খুলনা জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচন সহায়ক সরকারের অধীনে করতে সরকার ও নির্বাচন কমিশনকে বাধ্য করতে হবে। সহায়ক সরকারের অধীনে নির্বাচনের পূর্বে সকল রাজনৈতিক দলের কার্যক্রম সুষ্ঠুভাবে করতে দিতে হবে।
মির্জা ফখরুল বলেন, এ সরকার জনগণের সাথে প্রতারণা করে অনৈতিকভাবে ক্ষমতায় রয়েছে। নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, লবণ ও বিদ্যুতের দাম বেড়েছে। কৃষকের সারের দাম বেড়েছে, অথচ তারা তাদের পণ্যের উৎপাদিত মূল্য পায় না।
কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার প্রসঙ্গে ফখরুল বলেন, ফরহাদ মজহারের মতো একজন মানুষকে অপহরণ করা হয় এবং এখন তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে।
রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে সুন্দরবনের ক্ষতি করবে। সুন্দরবন যদি ধংস হয়ে যায় তাহলে খুলনা বিভাগ হুমকির মুখে পড়বে।
সরকারের নির্যাতনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান পাঁচ বছরেও পাওয়া যায়নি। পাঁচশরও বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে। এক হাজারের বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হযেছে। তিনি আক্ষেপ করে বলেন, এমন দেশ আমরা তৈরি করেছি যেখানে সভা-সমাবেশ করা যায় না।
বর্তমান সংসদের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এই পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে না। ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেই পার্লামেন্টে পঞ্চদশ সংশোধনী গ্রহণযোগ্য হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুন্ডু। স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।
এস এম মনিরুল হাসান বাপ্পী ও জি এম কামরুজ্জামান টুকুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি, সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, ডা. গাজী আবদুল হক, খান আলী মুনসুর, শেখ আবদুর রশিদ, আবু হোসেন বাবু, কে এম আশরাফুল আলম নান্নু, মোমরেজুল ইসলাম, ডা. আবদুল মজিদ, মোজাফফর হোসেন, তছলিমা খাতুন ছন্দা, শামীম কবীর, ইবাদুল হক রুবায়েদ, উজ্জল কুমার সাহা, আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা।
কর্মসূচির উদ্বোধনী দিনে জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খানসহ কয়েকজন সদস্য পদ নবায়ন করেন। নতুন সদস্য পদ গ্রহণ করেন নিহত বিএনপি নেতা সরদার আলাউদ্দিন মিঠুর ভাই সেলিম সরদার ও ডুমুরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা দৌলত।
দুপুরে মির্জা ফখরুল নগরীর বাবু খান রোডে চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাইকে দেখতে যান। এরপর নগরীর দৌলতপুর দেয়ানা উত্তরপাড়ায় সন্ত্রাসীদের হামলায় নিহত ছাত্রদল নেতা শিবলু মোল্লার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদেরকে শান্তনা দেন। সেখান থেকে মহাসচিব ফুলতলা উপজেলা সদরে সন্ত্রাসীদের গুলিতে নিহত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠুর কবর জিয়ারত করেন এবং মিঠুর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। মিঠুর হত্যাকারীরা সরকারের ছত্রছায়ায় রয়েছে দাবি করে বিএনপি মহাসচিব অবিলম্বে খুনীদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানান।








