নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে নয়াবিল বাজার এলাকার ভোগাই নদীর একটি নৌকার ঘাটে অজ্ঞাত এক গারো আদিবাসী বৃদ্ধের পরিচয় মিলেছে। উদ্ধার করা ওই লাশ টি এলেন মমিন (৬৯) এর বলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিশ্চিত করেছে। টি এলেন মমিন ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার বাঘমারা থানার প্রমোদ মমিনের ছেলে। আদালতের নির্দেশ পেলেই উপজেলার নাকুগাওঁ ইমিক্রেশন চেকপোস্ট দিয়ে ওই লাশ বিজিবি, বিএসএফ ও ২ দেশের পুলিশের মধ্যস্থতার মাধ্যমে ভারতে প্রেরণ করা হবে।
পুলিশ সূত্রে জানা যায়, ১২ মে শুক্রবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল বাজার এলাকার ভোগাই নদীর নৌকার ঘাটে একটি অজ্ঞাত লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটি ভারতের সীমান্ত থেকে ভেসে আসতে পারে বলে পুলিশ ও এলাকাবাসী ধারণ করেন। তাই পুলিশ ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর কাছে ওই অজ্ঞাত লাশের ছবি ও বর্ণনা ই-মেইলের মাধ্যমে প্রেরণ করে। বিএসএফ লাশের ছবি ও বিস্তারিত বর্ণনা দেখে নিশ্চিত করে যে, ওই অজ্ঞাত লাশের নাম টি এলেন মমিন। তিনি ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার বাঘমারা থানার প্রমোদ মমিনের ছেলে। তবে বেশ কয়েকদিন ধরে পানিতে থাকার কারণে লাশের শরীরের বিভিন্ন অংশ পঁচে গিয়েছিল।
নালিতাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুজ্জামান বলেন, আমরা ধারণা করেছিলাম, ভোগাই নদী দিয়ে ওই লাশটি ভারত থেকে ভেসে আসতে পারে। তাই বিএসএফের কাছে ওই লাশের ছবি ও বর্ণনা পাঠাই। পরে বিএসএফ লাশের পরিচয় নিশ্চিত করে। লাশের সুরতহাল করা হয়েছে। আদালতের নির্দেশ পেলেই বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের মাধ্যমে ভারতে প্রেরণ করা হবে।









