শ্যামলবাংলা ডেস্ক : ২৬ বছর পর ময়মনসিংহের হারুন-অর রশীদ হত্যা মামলায় ২৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ৯ মে মঙ্গলবার ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মমতাজ বেগম ওই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর ভাই ফটো সাংবাদিক নূর উদ্দিন আহমদ নুরু, আশরাফুল হক ওরফে আশরাফুল আলম, ওমর ফারুক, লিংকন, জালাল, সৈয়দ শামিম হোসেন, রহিম আহমদ, শামছুল ইসলাম, আবুল হোসেন, ফারুক আহম্মেদ, আকবর হোসেন, এরফানুর রহমান খান, সোলায়মান, জাহিদ, সাফায়াত উদ্দিন চৌধুরী, আবদুর রশিদ, গোলাম রব, শিশির চৌধুরী, অ্যাপোলো হোসেন, আসলাম, ইলিয়াস হোসেন, হিরু মোহাম্মদ, লিয়াকত আলী, কাঞ্চন মিয়া, শেখ আশরাফ হোসেন, আনিছুর রহমান ও আবু তাহের। যাবজ্জীবন কারাদণ্ডাদেশের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে নূর উদ্দিন, আশরাফুল হক ও আবদুর রশিদ আদালতে উপস্থিত ছিলেন। তাদেরকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। অন্য ২৪ আসামি পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহের পূরবী সিনেমা হল মোড় সংলগ্ন একটি চায়ের দোকানে ফ্রিডম পার্টির নেতা মেজর (অব.) জয়নাল, মেজর (অব.) বজলুল হুদা (বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসি কার্যকর হওয়া আসামি) ও আশরাফুল আলমের নেতৃত্বে ৩০-৩৫ জন গাড়ি থেকে নামেন। সেখানে চা খাওয়ার সময় ভিড় হলে লোকজনের ওপর ক্ষিপ্ত হয়ে গুলি চালান ফ্রিডম পার্টির নেতা-কর্মীরা। এসময় আহত সেহড়া এলাকার পঁচিশ বছরের যুবক হারুন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ছাড়া পথচারী জহুর আলী, মাহবুবুল, রামচন্দ্র, শামীম এবং লিটন গুলিবিদ্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গুলিবর্ষণের পর প্রাইভেটকার নিয়ে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার সময় বজলুল হুদাসহ ফ্রিডম পার্টির ওই নেতা-কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল ও ভালুকায় আটক হন। নিহত হারুনের ভগ্নিপতি মোশাররফ হোসেন বাবলু ঘটনার পরদিন কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ১৯৯০ সালের ১০ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এরপর ১৯৯০ সালের ১১ অক্টোবর থেকে মামলাটির বিচারকাজ শুরু হয় ময়মনসিংহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে। ওই আদালতেই প্রায় ১৯ বছর মামলাটির বিচারকাজ চলে। কিন্তু বিচার চলাকালে দেখা যায়, মামলার তদন্তে অনেক ত্রুটি রয়েছে। ফলে মামলাটির পুনঃতদন্তের নির্দেশ দেন আদালত। এরপর ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার ইসমাইল হোসেন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় বিভিন্ন সময়ে ২৭ জন সাক্ষী সাক্ষ্য দেন।









