শ্যামলবাংলা ডেস্ক ॥ শেরপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো।
গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোকচিত্র প্রদর্শনী শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রফিকুল হাসান গণি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূইয়া। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর দুপুরে গণহত্যার শিকার সদর উপজেলার সূর্যদী গ্রামের ৩৯ জন শহীদের স্মরণে স্থাপিত বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়র, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, কৃষি বিভাগের উপ-পরিচালক আশরাফ উদ্দিন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মান্নান, জেলার উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে সূর্যদী উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর সরকারি কলেজ ঃ গণহত্যা দিবস উপলক্ষে শেরপুর সরকারি কলেজে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আক্রাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান প্রধান অতিথি ও উপাধ্যক্ষ মোঃ ছারওয়ার জাহান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
নকলা ঃ নকলায় নানা আয়োজনে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তমঞ্চ চত্ত্বরে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়াসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব কুমার সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ। অন্যদিকে বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূরদী খন্দকারপাড়া কৃষি পণ্য উৎপাদক কল্যাণ সংস্থা, বা.ই.দা মাদরাসা, প্রভাতী বিদ্যাপীঠ ও উপজেলার একমাত্র অষ্টম শ্রেণি উন্নীতকরণ পাইলট প্রকল্পের বানেশ্বর্দী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার প্রায় সবক’টি শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়াসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
ঝিনাইগাতী ঃ ঝিনাইগাতীতে গণহত্যা দিবস উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.জেড.এম শরীফ হোসেন। ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সাধারণ সম্পাদক আমিরুউজ্জামান লেবু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার সামসুল আলম, জাসদ (ইনু) সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।









