
শ্যামলবাংলা ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জ থানার সাওরাইদ এলাকায় এক নারীকে হত্যার দায়ে নূরুল আমিন ওরফে নূরে আলম নূরা (২৩) নামে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
০৬ জুন সোমবার দুপুরে গাজীপুর দায়রা জজ আদালতের বিচারক এ.কে.এম এনামুল হক এ রায় প্রদান করেন। রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূরুল আমিন ওরফে নূরে আলম নূরা (২৩), গাজীপুরের কালীগঞ্জ থানার বরাইদ এলাকার নূর চাঁন শেখের ছেলে।
নিহত মিনারা খাতুন (৩৫) গাজীপুরের কালীগঞ্জ থানার সাওরাইদ এলাকার শাহাব উদ্দিনের স্ত্রী।

গাজীপুর জজ আদালতের পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, গাজীপুরের কালীগঞ্জ থানার সাওরাইদ এলাকায় গত বছরের ৩১ মার্চ বাড়ির পাশের পেয়ারা বাগান থেকে ঘাস কেটে বাড়ি ফিরছিলেন মিনারা খাতুন।
এ সময় তার গতিরোধ করে বাঁশের লাঠি দিয়ে মিনারা খাতুনের মাথায় আঘাত করেন আসামি নূরুল আমিন নূরা। এতে ঘটনাস্থলেই মিনারা খাতুন মারা যান। পরে নিহতের মেয়ে আয়েশা বেগম বাদী হয়ে ২ এপ্রিল কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মিনারা খাতুনকে হত্যার প্রাথমিক প্রমাণ পাওয়ায় পুলিশ আসামি নূরুল আমিন নূরার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি নূরুল আমিন নূরার উপস্থিতিতে আদালত তাকে ফাঁসির আদেশ দেন। সেই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এড. মো. হারিছউদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষে ছিলেন এড. প্রণব কুমার সরকার তপন।





