স্টাফ রিপোর্টার : কাল বৈশাখী ঝড়ে বিধ্বস্ত শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের খাসপাড়া মরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুদিন যাবত লেখাপড়া বন্ধ রয়েছে।
জানা যায়, ৩১ মে মঙ্গলবার সন্ধ্যায় ওই ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি ফলদ, বনজ বৃক্ষ ও বাঁশঝাড় উপড়ে ফেলে। একইসাথে ওই দূর্গম চরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানটির টিনশেড ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। খাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ আয়নাল হক জানান, সম্প্রতি খাসপাড়া মরাকান্দি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি জাতীয়করণের পর আকস্মিক ঝড়ে বিদ্যালয়টি বিধ্বস্ত হওয়ায় শিশু শিক্ষার্থীদের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি জানান, ৩ কিলোমিটার এলাকার মধ্যে শিশু শিক্ষার্থীদের কোন বিদ্যালয় নেই।
এদিকে ঝড়ের পরদিন বুধবার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুর রহমান। ওইসময় তিনি ক্ষতির পরিমাণ নিরূপন করে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সহায়তার আশ্বাস দেন।




