স্টাফ রিপোর্টার : ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর সুবাদে শেরপুরের প্রায় সর্বত্র চলছে জমজমাট জুয়ার আসর। জেলা শহরের অভিজাতপাড়া, ক্লাব থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের মুদির দোকানে পর্যন্ত চলছে ওই জুয়া। এতে হুমড়ি খেয়ে পড়ছে উঠতি বয়সের যুবকসহ মধ্যবয়সীরাও। প্রতিদিন লাখ লাখ টাকার ওইসব জুয়ায় অনেকেই হচ্ছেন সর্বশান্ত।
এদিকে আইপিএল জুয়া বন্ধে সীমিত পরিসরে হলেও শেরপুরের বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে পুলিশ। ২০ মে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানার এসআই কামরুল ও এসআই হাবিবের নেতৃত্বে একদল পুলিশ ২০ ক্রিকেট জুয়ারীকে গ্রেফতার করেছে।.সদর উপজেলার বাজিতখিলা, তাতালপুর, খোয়ারপাড়সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে শহীদুল ইসলাম (৩২), মোকলেস (২৫), তারা মিয়া (৩৪), ফকির মিয়া (৩০), মোতালেব (২৪), কামরুজ্জামান (২২), রহিম (২০), আতিক (২৫), সুমন (২০), মালেক (২৮), সোহাগ (২৪), রাসেল (১৮), সোহেল (২৩), নবী হোসেন (২৮), মোজাফফর (২৪), শফিকুল (২৫)। পরে শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।




