নকলা প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলার হাজী জাল মাহমুদ কলেজ কেন্দ্র থেকে চলমান আলীম পরীক্ষায় আতিকুল ইসলাম (রোল-৬৯৩) নামে এক ছাত্রের আরবী দ্বিতীয় পত্রের খাতা চুরি হয়ে গেছে। সে ওই উপজেলার শাহরিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র।
জানা যায়, ২৪ এপ্রিল রবিবার ওই কেন্দ্রে ৫৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কিন্তু পরীক্ষা শেষে খাতা পাওয়া যায় ৫৭টি। কেন খাতাটি পাওয়া গেলনা এবিষয়ে হল সুপার ও কর্তব্যরত শিক্ষকরা কেউ মুখ খুলছেননা। খাতা হারিয়ে যাওয়ায় ওই ছাত্র দুঃশ্চিন্তায় ভেঙ্গে পড়েছে। সে জানায়, আরবী দ্বিতীয় পত্রে সে শতভাগ উত্তর দিয়েছিল।
এ ব্যাপারে নকলা উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, কর্তব্যরত শিক্ষকদের অবহেলায় ওই ঘটনা ঘটেছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। তিনি আরও বলেন, খাতা হারিয়ে যাওয়ার ঘটনায় নকলা থানায় একটি জিডি করে তার কপি বোর্ডে পাঠানো হয়েছে। পরীক্ষার্থী আতিকুল পরের সব পরীক্ষায় অংশ নিতে পারবে। তার কোন ক্ষতি হবেনা।




