নকলা প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় শেরপুরের নকলা উপজেলায় ৩ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামী লীগের এক সভায় ওই বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, উরফা ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্রো, নকলা সদর ইউনিয়নের সাবেক সভাপতি, বর্তমান নির্বাহী সদস্য বদিউজ্জামান বদ্দি এবং চন্দ্রকোণা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান গেন্দু।
বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ স্বাক্ষরিত এক পত্রে ওই তথ্য নিশ্চিত করে জানানো হয়, আওয়ামী লীগের দলীয় সিদ্বান্ত ও নির্দেশ মোতাবেক নৌকা প্রতীকের পক্ষে কাজ না করে বরং দলের মধ্যে তথা সাধারণ জনগণকে বিভক্ত করার লক্ষ্যে এবং আওয়ামী লীগের ভাবমূূর্তি নষ্ট করার পাঁয়তারাসহ নৌকা প্রতীকের বিরুদ্ধে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় উপজেলা আওয়ামী লীগের সভায় সর্বসম্মতি ক্রমে ও দলীয় সিদ্ধান্ত মতে ওই ৩ জনের আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ বাতিলসহ দলীয় সকল কার্যক্রম হতে তাদেরকে বহিষ্কার করা হয়। তাছাড়া ইউপি নির্বাচনে যে বা যারা নৌকা প্রতীকের পক্ষে কাজ না করে বরং বিরোধী স্বতন্ত্র প্রার্থী বা অন্য প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করেছেন তাদের নামের তালিকাও চাওয়া হয় ইউনিয়ন আওয়ামী লীগের কাছে। তালিকা পেয়ে সত্যতা যাচায়ের পর তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ।
এদিকে বহিস্কৃতরা বলেন, দল যা সিদ্ধান্ত নেয়ার নিয়েছে, এ বিষয়ের আমাদের কিছু বলার নেই।




