স্টাফ রিপোর্টার : দীর্ঘ ১০ বছরের বন্ধাত্ব কাটিয়ে শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি সোমবার সকালে অ্যাথলেটিক্স উপ-পরিষদের ব্যবস্থাপনায় বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। ওইসময় বিশেষ অতিথি ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ, ডিএসএ’র সাধারন সম্পাদক নাজিমুল হক ও ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ১৬ টি ইভেন্টের ৯৯ টি আইটেমে সহস্রাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। ১০০ মিটার দৌড়ে পুরুষ বিভাগে রাকিবুল ইসলাম রাকিব দ্রুততম মানব এবং মহিলা গ্রুপে সোনিয়া খাতুন দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করেন। অতিথিরা প্রতিটি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরন করেন। দীর্ঘদিন পর এবার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় স্টেডিয়ামজুড়ে সর্বত্র ছিলো সাজ সাজ রব। খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়ামোদি দর্শকদের মাঝেও প্রাণস্পন্দন লক্ষ্য করা যায়।




