স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা সংবাদদাতা হিসেবে সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম আধার কর্মরত থাকার পরও নগর সংবাদদাতা হিসেবে সদ্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এবিএসএম তালাপতুফ হোসেন; যিনি মুক্তিযোদ্ধা মঞ্জু নামে পরিচিত। বাংলাদেশ বেতারে উপ-মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলের ৩ জানুয়ারি সাক্ষরিত এক পত্রে ওই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে জেলা সংবাদদাতা হিসেবে একজন কর্মরত থাকার পরও ক্ষুদে জেলা শহর শেরপুরে নগর সংবাদদাতা হিসেবে আরেকজনের নিয়োগে বিভিন্ন মহলে ধুম্রজাল শুরু হয়েছে। একটি অশুভ মহল প্রচার চালাচ্ছে, শেরপুরে আধারকে বাদ দিয়ে মঞ্জুকে বেতারে নিয়োগ দেওয়া হয়েছে। মূলতঃ কাউকে বাদ দিয়ে নয়, বরং বাড়ানো হয়েছে প্রতিনিধি।
উল্লেখ্য, ১৯৮৮ সন থেকে দীর্ঘ প্রায় ২৮ বছর যাবত সক্রিয় সাংবাদিকতার সাথে জড়িত রফিকুল ইসলাম আধার ২০০৮ এ শেখ হাসিনার নেতৃত্বাধীন দ্বিতীয় দফায় সরকারের প্রথম দিক থেকেই বাংলাদেশ বেতার এর শেরপুর জেলা সংবাদদাতা হিসেবে কর্মরত রয়েছেন। কেবল তাই নয়, জেলা পর্যায়ে কর্মরত সংবাদদাতাদের মধ্যে কার্যক্রমের দিক দিয়ে তিনি শ্রেষ্ঠত্বের শীর্ষ পর্যায়ে রয়েছেন। বর্তমানে তিনি শেরপুর প্রেস কাবের সভাপতি, ন্যাশনাল অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক, সাপ্তাহিক দশকাহনীয়া’র ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় সংবাদপত্র ‘দৈনিক জনকণ্ঠ’র জেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত।




