স্টাফ রিপোর্টার : প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শেরপুরের শীতার্তদের মধ্যে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। সিটি ব্যাংক এনএ’র সহায়তায় কম্বলগুলো শেরপুর সদর উপজেলার মৃগী নদী সংলগ্ন নামাশেরিচর গ্রাম ও শেরিরচর বস্তি এলাকার ১০০ জন এবং পৌরসভার বিভিন্ন এলাকার ১০০ জন শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়। আজ ৭ জানুয়ারী বৃহস্পতিবার কম্বল বিতরণ কাজে সহযোগিতা করেন শেরপুর বন্ধুসভার সদস্যরা।
নামাশেরিরচর গ্রামের সেতুর ওপর কম্বলগুলো বিতরণ করেন শেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক শিব শঙ্কর কারুয়া। এ সময় তিনি বলেন, ‘যা কিছু ভালো তার সাথে প্রথম আলো’ এ শ্লোগানের সঙ্গে সঙ্গতি রেখে প্রথম আলো পত্রিকাটি বিভিন্ন সামজিক কর্মকান্ড পরিচালনা করছে। এর অংশ হিসেবে আজ শীতবস্ত্র নিয়ে চরাঞ্চলের দুঃখী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে প্রথম আলো। এটি খুবই প্রশংসনীয়। পত্রিকাটির এসব ভাল কাজ যত প্রসারিত হবে, সমাজে তত শুভ বার্তা বয়ে আনবে। তিনি চরাঞ্চলের শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করায় প্রথম আলো ট্রাস্ট ও বন্ধুসভার সদস্যদের ধন্যবাদ জানান।
প্রথম আলো ট্রাস্ট্রের কম্বল পেয়ে সদর উপজেলার শেরিরচর বস্তি এলাকার বৃদ্ধা ময়োকা বেওয়া (৮০) বলেন, ‘শীতে কষ্ট পাইলেও আমগ্রে কেউ কম্বল দেয় নাই। আপনারাই আমগ্রে পরথম কম্বল দিলেন। অহন জারের (শীত) হাত থাইক্যা অক্ষা (রক্ষা) পামু।’
কম্বল বিতরণ অনুষ্ঠানে শেরপুরের স্বেচ্ছাসেবী প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্’র নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান, প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী, সভাপতি আনোয়ারুল সাদাত সুইট ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাইফ উপস্থিত ছিলেন।

এছাড়া শুক্রবার সদর উপজেলার সূর্যদী বাজারে জে এন্ড এস বেভারেজ লিমিটেডের উদ্যোগে বিভিন্ন এলাকা থেকে আসা তিন শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেএন্ড এস বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদুজ্জামান সাদী ও কামারিয়া ইউপি সাবেক চেয়ারম্যান সারোয়ার জাহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।




