শ্যামলবাংলা ডেস্ক : পৌরসভা নির্বাচনকে ট্র্যাজেডি হিসেবে আখ্যা দিয়েছে বিএনপি। পৌর নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর পরই বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ নির্বাচনে সুষ্ঠু ও স্বাভাবিকতার লেশ মাত্র নেই। উৎসবতো দূরের কথা জাল ভোট, অনিয়ম, কেন্দ্র দখল, জোর করে সিল মারা, হামলা, মারামারিতে পুরো নির্বাচন একটা ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। সাতকানিয়া যুবদলের একজন কর্মীকে হত্যা করা হয়েছে।’
সারাদিন কেন্দ্র দখল করে সিল মারার উৎসব হয়েছে দাবি করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অযোগ্যতা ও সরকারের প্রতি নির্বাচন কমিশনের আনুগত্য নির্বাচন ব্যবস্থাকে আরেকবার ধ্বংস করল। ব্যালেট ছিনতাই, কেন্দ্র দখল, সহিংসতা চলেছে দিনভর। সরকারি দল বেশিরভাগ পৌরসভার কেন্দ্র দখল করেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা অত্যন্ত আশঙ্কার সঙ্গে আরেকবার প্রত্যক্ষ করলাম রাষ্ট্রের সবগুলো যন্ত্র ব্যবহার হয়েছে প্রহসনের নির্বাচন করার জন্য। আমরা গণতন্ত্র বিশ্বাস করি বলেই সরকারের চক্রান্তের পরও আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি।’
দেশের বিভিন্ন পৌরসভায় চিত্র তুলে ধরে বিএনপির এ নেতা বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাত থেকে নারী সাংবাদিকরাও রক্ষা পাননি। ৭১ টেলিভিশনের এক নারী সাংবাদিকের ওপর হামলা হয়েছে। ভোটের আগের দিন রাতে রাজশাহীতে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক সমকালের সাংবাদিককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।’




