ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাও গ্রামের নেওয়াজ উদ্দিন নামে এক ভূমিহীন পরিবারের বসত-বাড়ি বে-দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালী মহল। ফলে নেওয়াজ উদ্দিনের পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে।
জানা যায়, নেওয়াজ উদ্দিন গান্ধিগাও মৌজায় বন-বিভাগের জমির উপর বসত-বাড়ি নির্মাণ করে গত ২ যুগ ধরে বসবাস করে আসছে। ওই জমির প্রতি লোভ জাগে প্রতিবেশি প্রভাবশালী সোরহাব আলীর। সোরহাব আলী ওই জমি থেকে নেওয়াজ উদ্দিনকে উচ্ছেদ করার উদ্দেশ্যে ভূয়া জাল দলীল তৈরীসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ইতিমধ্যেই নেওয়াজ উদ্দিন ও তার পরিবারের সদস্যদের নামে কয়েকটি মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করা হয়। ১৯ নভেম্বর সোরহাব আলী গংদের দায়ের করা একটি মামলার হাজিরা দিতে শেরপুর আদালতে যায় নেওয়াজ উদ্দিনের পরিবারের সদস্যরা। এ সময় খালি বাড়ি পেয়ে সোরহাব ও তার পরিবারের সদস্যরা নেওয়াজ উদ্দিনের ২টি বসত ঘরের তালা ভেঙ্গে বাড়ির সমস্ত মালামালসহ বাড়িটি দখল করে নেয়। অভিযোগ রয়েছে সোরহাব আলীর লোকজন নেওয়াজ উদ্দিনের পরিবারের সদস্যদের এলাকা ছাড়া করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সোরহাব আলীর লোকদের ভয়ে নেওয়াজ উদ্দিনের পরিবারের লোকজন এখন নিরাপত্তা হীনতায় রয়েছে। এ ব্যাপারে নেওয়াজ উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে রোববার রাতে ঘটনার সাথে জড়িত শামিউল হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ৩০ নভেম্বর সোমবার পুলিশ গ্রেফতারকৃত শামিউলকে আদালতে সোপর্দ করে। এদিকে, আসামীরা বাদী ও তার পরিবারের সদ্যসদের নানাভাবে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে আসছে। ফলে নিরাপত্তাহীনতায় ভূগছে বাদী ও তার পরিবারের সদস্যরা। ওসি মিজানুর রহমান বলেন, অন্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।




