নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কুতুবাকুড়া গ্রামে ২৭ অক্টোবর মঙ্গলবার দিনব্যাপি বর্ণাঢ্য আয়োজনে আদিবাসী যুব সম্মেলন ও কৃতি হাজং শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আইপিডিএস ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন শেরপুর জেলা শাখা এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন হাজং সংগঠন শেরপুর জেলা শাখার সভাপতি সুকুমার হাজং। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হাজং সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মতিলাল হাজং। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনিন্দ্র চন্দ্র বর্মন, শিক্ষক শ্যামল চন্দ্র হাজং। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জীবন কিশোর হাজং, সুভাষ চন্দ্র হাজং, পলাশ হাজং, চন্দ্রিকা হাজং, নির্মল নকরেক ও সুনিল সিং প্রমুখ।
পরে গত বছরের প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২ জন, এসএসসিতে ৬জন, এইচএসসিতে ১১জন ও বিএ অনার্স পড়ুয়া ৩জনসহ মোট ২২জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও ‘অর্থ নয়, শিক্ষাই আদিবাসীদের উন্নয়নের মুল হাতিয়ার’ এই বিষয়ের উপর হাজং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।




