স্টাফ রিপোর্টার : শেরপুরে হাজারও সহকর্মী আর ভক্ত-অনুরাগীর বিনম্র শ্রদ্ধা-ভালোবাসায় চিরবিদায় নিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক, সাবেক এমপি ও সাবেক জেলা গভর্নর আলহাজ্ব এডভোকেট আনিসুর রহমান। ১২ অক্টোবর সোমবার সকাল ১১টায় স্থানীয় চাপাতলী পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে সকাল সাড়ে ৮টায় জেলা আইনজীবী সমিতির অফিস অঙ্গণে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। ওইসময় মরহুমের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণমূলক বক্তব্যে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি এডভোকেট নারায়ণ চন্দ্র হোড় ও এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক এডভোকেট আবুল মানসুর স্বপন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম জাকির হোসেন, এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, এডভোকেট গোলাম কিবরিয়া বুলু ও এডভোকেট রফিকুল ইসলাম আধার। এছাড়া পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমের কনিষ্ঠ ছেলে এডভোকেট আরিফুর রহমান সুমন। শুরুতেই মরহুমের মরদেহে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন সমিতির নেতৃবৃন্দ।
এরপর সকাল ১০টায় মরহুমের লাশ নিয়ে যাওয়া হয় পৌর ঈদগাহ মাঠে। সেখানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠানের পূর্বে মরহুমকে স্মরণসহ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আতিউর রহমান আতিক এমপি, জেলা বিএনপির আহবায়ক, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইলিয়াস উদ্দিন, সাবেক পৌর মেয়র গোলাম মোঃ কিবরিয়া লিটন, সাবেক পৌরপতি লুৎফর রহমান মোহন ও আব্দুর রাজ্জাক আশীষ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাস্টার, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, মরহুমের শিক্ষক ইতিহাসবিদ পন্ডিত ফসিহুর রহমান প্রমুখ প্রমুখ। এছাড়া পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমের কনিষ্ঠ ছেলে এডভোকেট আরিফুর রহমান সুমন। জানাজায় জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মোঃ আব্দুল হালিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লী শরিক হন। জানাজার পরপরই মরহুমের প্রতি রাষ্ট্রীয় মর্যাদার গার্ড অব অনার দেওয়া হয়। ওইসময় প্রশাসনের পক্ষে বক্তব্য রাখেন সদর উপজেলা ইউএনও মোঃ হাবিবুর রহমান। পরে স্থানীয় পৌর কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
এদিকে এডভোকেট আনিসুর রহমানের মৃত্যুতে আইনজীবীরা সোমবার সমিতির রেওয়াজ অনুযায়ী কাজে যোগদান থেকে বিরত থাকেন। ফলে বসেনি কোন আদালত। বেলা ২টায় জেলা ও দায়রা জজ আদালতে মরহুমের মৃত্যুতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজের অনুপস্থিতিতে রেফারেন্স অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সায়েদুর রহমান খান। রেফারেন্স অনুষ্ঠানে বিচারকমন্ডলীসহ আইনজীবীরা অংশ নেন। উল্লেখ্য, রবিবার বেলা আড়াইটার দিকে বার্ধক্যজনিত কারণে সাবেক গর্ভনর এডভোকেট আনিসুর রহমান শেরপুর শহরের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।




