শ্যামলবাংলা ডেস্ক : চারপাশে হাজারো কালো রঙের ব্যানার। পোশাকের রংও কালো। যাদের পরনে ভিন্ন রঙের বসন, তারা ধারণ করেছেন কালো ব্যাজ। শোকের প্রতীক এ কালো রঙ ধারণ তার জন্য যিনি বাংলাদেশকে দেখিয়েছিলেন আলোর পথ। পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে জাতিকে স্বাধীনতা এনে দেয়া সে মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৫ আগস্ট শনিবার বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎবার্ষিকীতে ধানমণ্ডির ৩২ নম্বরে তার বাসভবনের সামনে নেমেছে শোকার্ত জনতার ঢল। গভীর শ্রদ্ধা আর সিক্ত ও আনত নয়নে কৃতজ্ঞ জাতি নত মস্তকে স্মরণ করছে তার শ্রেষ্ঠ সন্তানকে।
শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শোকার্ত জনতা অবিলম্বে বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনার দাবি জানান। সেইসঙ্গে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সোনার বাংলাদেশে গড়ে তোলার শপথ নেন। একইসঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করারও দাবি এসেছে শোকার্ত জনতার পক্ষ থেকে।
সকাল সাড়ে ৬টার কিছু পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমণ্ডির ৩২ নম্বরে বাঙালির হৃদয়-বাড়ির সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পুষ্পার্ঘ্য নিবেদন করেন বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি। সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু ভবনের সামনের রাস্তা উন্মুক্ত করে দেয়া হয় সর্বস্তরের জনতার জন্য। এরপর থেকে রাজধানীর সব পথ যেন মিশে যায় ধানমন্ডির ৩২ নম্বরের ৬৭৭ নম্বর বাড়িটির দিকে।
কে আসেনি আজ এখানে? যুদ্ধাহত পৌঢ় মুক্তিযোদ্ধা, ঘরের মাঝে আবদ্ধ থাকা গৃহবধূ কিংবা বাবার কোলে চড়ে ছোট্ট শিশু- সবাই এসেছে জাতির পিতাকে নিজেদের ভালোবাসার অর্ঘ্য নিবেদন করতে। সকাল ৬টার মধ্যেই লোকে লোকারণ্য হয়ে ওঠে বঙ্গবন্ধু ভবন, রাসেল স্কয়ারসহ আশেপাশের এলাকা। হাতে কালো ব্যানার ও বুকে কালোব্যাজ ধারণ করে নারী-পুরুষ, স্কুল-কলেছের ছাত্র-ছাত্রী, শিশু কিশোরসহ সর্বস্তরের মানুষ এসেছে ৩২ নম্বরে। সকলেই পরম শ্রদ্ধায় প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জাতির জনককে স্মরণ করেছেন। সকাল সাড়ে সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, বাংলাদেশ ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী, ভাতৃপ্রতীম ও সমমনা সংগঠনগুলো।
এছাড়াও বঙ্গবন্ধু পরিষদ, তথ্য মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, গণজাগরণ মঞ্চ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শহীদ পরিবার, জাতীয় মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মহিলা শ্রমিক লীগ, তরুণ লীগ, মৎস্যজীবী লীগ, হকার্স লীগ, তাঁতীলীগ, মুক্তিযোদ্ধা জনতা লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, যুব উন্নয়ন অধিদফতর, ঢাকা সিটি করপোরেশন শ্রমিক-কর্মচারী লীগ, গণপূর্ত শ্রমিক লীগ, মোটরচালক লীগ, রিকশা-ভ্যান শ্রমিক লীগ, ওলামা লীগ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ, বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর, ইসলামিক ফাউন্ডেশন, ফিল্ম আর্কাইভ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমী, গণগ্রন্থাগার অধিদফতর, জাতীয় জাদুঘর, নজরুল ইনস্টিটিউট, শিশু একাডেমী, খেলাঘর, বাংলাদেশ বেতার, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বেতার কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিনিয়োগ বোর্ড, শিল্প গবেষণা পরিষদ, পলিটেকনিক শিক্ষক পরিষদ, ঢাকা আইনজীবী সমিতি, তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, জাতীয় মহিলা সংস্থা, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ, জাতীয় কবিতা পরিষদ, বঙ্গবন্ধু লেখক পরিষদ, জাতীয় গীতিকবি পরিষদ, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদ, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, মুক্তিযুদ্ধ প্রজন্ম, ফকির আলমগীরের নেতৃত্বে ঋষিজ শিল্পীগোষ্ঠী, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, আওয়ামী প্রজন্ম লীগ, শেখ রাসেল শিশু সংসদ, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংকসহ এসব ব্যাংকের শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, ছিন্নমূল হকার্স লীগ, রেলওয়ে শ্রমিক লীগ, ঢাকাস্থ টুঙ্গিপাড়া সমিতি, হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, বাস্তুহারা লীগ, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদ, আবদুস সামাদ আজাদ ফাউন্ডেশন, বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠী, সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্যপরিষদ, ঢাকা সড়ক পরিবহন সমিতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী, বঙ্গবন্ধু ফেডারেশন, টিঅ্যান্ডটি শ্রমিক ফেডারেল ইউনিয়ন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্মৃতি পরিষদ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, সাধনা সংসদ, আওয়ামী শিশু-কিশোর যুবজোট, নির্মাণ শ্রমিক লীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ পরিষদ, জননেত্রী পরিষদ, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, আওয়ামী শিল্পীগোষ্ঠী, বঙ্গবন্ধু আইন পরিষদ, মুক্তিযোদ্ধা বিসিএস অফিসার্স কল্যাণ সমিতি, বঙ্গবন্ধু ললিতকলা একাডেমী, সোনার বাংলা যুব পরিষদ, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক-কর্মচারী লীগ, স্থলবন্দর শ্রমিক লীগ, বিসিএস পাবলিক ওয়ার্কার্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, টেলিযোগাযোগ শ্রমিক ইউনিয়ন, বিআইডব্লিউটিএ ঘাট শ্রমিক ইউনিয়ন, ঢাকা নৌবন্দর ঘাট শ্রমিক বহুমুখী সমবায় সমিতি, বঙ্গবন্ধু কবিতা পরিষদ, শান্তি পরিষদ, বঙ্গবন্ধু শিশু একাডেমী, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স, স্বাধীনতা ডিপ্লোমা চিকিৎসক পরিষদ, বঙ্গমাতা পরিষদ, স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ, বঙ্গবন্ধু টেকনিক্যাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ, বৃহত্তর ফরিদপুর চাকরিজীবী কল্যাণ সমিতি, গোপালগঞ্জ জেলা সমিতি, নৌকার নতুন প্রজন্ম, আওয়ামী আইন ছাত্র পরিষদ, খ্রিস্টান অ্যাসোসিয়েশন, বৌদ্ধ ছাত্র সংসদ, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশন, সেন্টার ফর মেডিকেল এডুকেশন, সনাতন আইনজীবী কল্যাণ পরিষদ, চিলড্রেন্স ভয়েসসহ বিভিন্ন দল ও সংগঠন।
এদিকে, বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৩২ নম্বরের আশেপাশ রাস্তা জুড়ে, রাজধানীজুড়ে শোকের প্রতীক কালো পতাকার পাশাপাশি বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড ও তোরণ তৈরি করা হয়েছিল। মাইকে বেজেছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেরণামূলক গান।









