রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নে বড়াদম এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জেএসএসের (এমএন লারমা গ্রুপ) সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। ১৫ আগস্ট শনিবার ভোরে ওই সংঘর্ষে এক সেনাসদস্য আহত হয়েছেন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপজেলার রুপকারী ইউনিয়নের বড়াদম এলাকায় শনিবার ভোর ৫টার দিকে অভিযান চালায়। এ সময় এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম সমিতির সদস্যরা একটি গোপন অস্তানায় অবস্থানকালে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। আইন-শৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলে পার্বত্য চট্টগ্রাম সমিতির এমএন লারমা গ্রুপের ৫ সদস্য নিহত হন। এ সময় লিকায়ত আলী নামের এক সেনাসদস্য আহত হয়েছেন। তাকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সন্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে রুপায়ন চাকমা নামে একজনের পরিচয় পওয়া গেছে। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে ৩টি এসএলআর, দুটি চায়নিজ রাইফেল, ১টি এমএসজি, ১টি নাইন এমএম পিস্তল, ১৪টি ম্যাগাজিন, ৪৭২টি গুলি ও কার্তুজ এবং সেনাবাহিনীর মতো পোশাক উদ্ধার করা হয়।




