স্টাফ রিপোর্টার : ’শিশুরা সবার, যেমন পৃথিবীটা সবার’- এ মূল্যবোধকে সামনে রেখে ‘আমরা শেরপুরবাসী’র ব্যানারে চাঞ্চল্যকর শিশু রাহাত হত্যাকারিদের ফাঁসির দাবি জানিয়ে শিশু শ্রম, শিশু নির্যাতন ও শিশু হত্যা বন্ধের দাবিতে মৌন আলোক মিছিল হয়েছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের নিউমার্কেট মোড়ে প্রথম শ্রেণি পড়ুয়া মেধাবী শিশু রাহাতকে অপহরণ করে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শিশু ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। এতে শহরের শতাধিক সংগঠন একাত্বতা প্রকাশ করে। মৌন আলোর মিছিলটি শহরের চকবাজারস্থ শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ওইসময় শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. রিয়াজুল হাসান তার বক্তব্যে শিশু রাহাতের হত্যাকারি অন্যতম দুই অসামী তার কলেজের ছাত্র হওয়ায় দুঃখ প্রকাশ করেন এবং ওই দুইজনের ছাত্রত্ব বাতিলের ঘোষণা দেন।
উল্লেখ্য, ২ আগস্ট রবিবার দুপুরে শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আরাফাত ইসলাম রাহাতকে (৭) তার আপন খালু আব্দুল লতিফ অপহরণ করে। পরে ২ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। পরে এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ ৮ আগস্ট শনিবার দুপুরে জেলার নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কের কাছে মাজার পাহাড়ের গহীণ অরণ্য থেকে ক্ষত বিক্ষত শিশু রাহাতের দেহাবশেষ উদ্ধার করে। এ অপহরণ ও হত্যাকান্ডের ঘটনায় পুলিশ অপহৃত শিশুর খালু মো. আব্দুল লতিফ (২২), লতিফের বন্ধু আসলাম মিয়া (২১), রবিন মিয়া (২০), ইমরুন হাসান (২১) এবং জায়েদা (৫৫) নামে এক মহিলাকে গ্রেপ্তার করে।




